প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতায় বিজেপি আসতেই ফের অস্বস্তির মুখে পড়ল তৃণমূল। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মা লতা ব্যানার্জীকে নোটিস পাঠাল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation)। পুরসভার বিল্ডিং বিভাগ থেকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগ, ১২১ কালীঘাট রোডে অবস্থিত তাঁদের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে, আর তার ভিত্তিতেই পাঠানো হয়েছে ৪০০-র ১ ধারায় নোটিস।
লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নোটিস!
রিপোর্ট অনুযায়ী, ২ দিন আগেই কলকাতা পৌরনিগমের আধিকারিকরা বাড়ি ইন্সপেকশনে এসেছিলেন। সূত্রের খবর, তাঁরা দেখে গিয়েছিলেন শান্তিনিকেতনে ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে। এই কারণেই ৪০০ (১) ধারায় ভবানীপুরের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮ এ, হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতনে’ নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নোটিস পাঠানো হয়েছে সেখানে। বলা হয়েছে, যে অবৈধ অংশ রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। অথবা কেন করা হল, নিয়মের অন্যথা হল কেন সবটাই জানাতে হবে।
উত্তর না দিলে ভাঙা হবে ভবন
কলকাতা পুরসভা নোটিশে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে যদি সাতদিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সন্তোষজনক উত্তর বা পদক্ষেপ না পাওয়া যায়, তবে পুরসভা নিজেই ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করবে। শুধু তাই নয়, ভবন ভাঙার যাবতীয় খরচও বহন করতে হবে সংশ্লিষ্ট মালিকপক্ষকেই। অন্যদিকে ১২১, কালীঘাটের রোডের বাড়িতে আবার মোট সাতটি নোটিস পৌঁছেছে, যার মধ্যে পাঁচটি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। এবং অন্যটি শুধু লতা দেবীর নামে। প্রত্যেকটি নোটিসেই দেওয়া হয়েছে ৪০০-র ১ ধারায়। এখন দেখার কী পদক্ষেপ গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: শুভেন্দুর ভয়ে ঝুক গেয়া ‘পুষ্পা’! নির্বাচনে লড়বে না জাহাঙ্গীর খান
উল্লেখ্য, আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটি ইডির স্ক্যানারে রয়েছে তার উপর এই বেআইনি নির্মাণের নোটিস মেলায় রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে। এদিকে গত শনিবার ফলতার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা নিয়ে সরব হয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। আর তারপরেই এই জোড়া নোটিস পাওয়ায় অন্য সংকেত মিলছে।










