প্রীতি পোদ্দার, কলকাতা: লালের ঘর ছাড়ার পর এবার সংসার বিচ্ছেদের খবর উঠে এল প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman)। তৃণমূলে যোগদানের পর থেকেই গুঞ্জন, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। বিগত কয়েক বছর ধরে সিপিএম শূন্য হলেও এইমুহুর্তে ভোটের আগে খবরের শিরোনামে এখন শুধুই লাল শিবির, আর এর অন্যতম কারণ হল প্রতীক উর রহমান। কিছুদিন আগেই দলের শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ নিয়ে ক্ষোভপ্রকাশ করে দলের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির সমস্ত দায়িত্ব ছেড়ে চিঠি দিয়েছিলেন প্রাক্তন এই সিপিআইএম নেতা। এবং শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর দলবদল করেন।
স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের চর্চা
কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসছে প্রাক্তন লড়াকু সিপিআইএম নেতা প্রতীক উর রহমানের নাম। বহু জল্পনার অবসানের পর গত শনিবার বিকেলে আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর দলবদল করেন। আর এরপরই সোশাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়। গুঞ্জন, স্ত্রী শিরিন সুলতানা নাকি তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। তখন থেকেই তাঁদের বিচ্ছেদের চর্চা চলছে। অনেকেই বলছেন স্ত্রী শিরিন অভিমানে বাপের বাড়ি চলে গিয়েছেন। কারণ স্বামীর এই বদল তিনি মানতে পারছেন না। আবার অনেকের দাবি প্রতীক উরের এই সিদ্ধান্তকে সমর্থন করেনি পরিবার। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রতীক।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রতীকের
গতকাল অর্থাৎ রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন তরুণ লড়াকু নেতা প্রতীক উর রহমান। যেখানে দেখা যায়, বিছানায় বসে তৃণমূল নেতা, তাঁর স্ত্রী শিরিন ও তাঁদের মেয়ে। সন্তানকে পড়াচ্ছেন শিরিন। ক্যাশপনে লেখা, ‘আপাতত এটুকুই’। অর্থাৎ তিনি নিন্দুকদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে গুঞ্জনে কান দেওয়ার কোনও কারণ নেই। বরাবরের মতোই পাশে রয়েছেন স্ত্রী শিরিন। অন্যদিকে বিচ্ছেদের রটনা ছড়াতেই সবটাই রটনা বলে উড়িয়ে দিলেন প্রতীক উরের স্ত্রী শিরিন সুলতানা। তাঁর দাবি, ‘‘যাঁরা এসব রটাচ্ছে, তাঁরা আমাদের ভালো চায় না।”
আরও পড়ুন: DA সহ বাকি মামলায় আইনজীবীদের পিছনে কত খরচ রাজ্য সরকারের? প্রকাশ্যে তথ্য
প্রসঙ্গত, সপ্তাহের শুরু থেকে বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রতীক উর রহমান। এদিকে সামনেই আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এই অবস্থায় লাল শিবির ছেড়ে সবুজে তাঁর এই যোগদান করাকে তৃণমূলের মাস্টারস্ট্রোক বলে উল্লেখ করছেন রাজনীতিবিদরা। অন্যদিকে প্রতীক উরের দলবদল ‘ভারচুয়াল’ বামপন্থী মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে। সিপিএমের অধিকাংশ সমর্থক তাঁর কঠোর সমালোচনা শুরু করেন। যদিও এসব কোনোটাই গায়ে মাখছেন না প্রতীক, সবকিছু ভুলে নতুন ভাবে রাজনীতি শুরু করতে চলেছেন তিনি।












