বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিপর্যয়ে মোকাবিলা নিয়ে বৈঠক করতে উত্তরকন্যায় (Uttar Kanya) গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই বৈঠক চলাকালীনই ঘটে গেল বড় ঘটনা! সূত্রের খবর, বৈঠক চলছে এমন সময় মুখ্যমন্ত্রীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় কার্যত ভেঙে হেলিপ্যাড চত্বরে ঝড়ের গতিতে ঢুকে পড়ল একটি চারচাকা গাড়ি। পরে খোঁজখবর নিয়ে জানা গেল ওই গাড়িটি চালাচ্ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায়। হঠাৎ কীভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর তোয়াক্কা না করে ওই গাড়িটি ঢুকতে পারল তা নিয়ে উঠছে প্রশ্ন।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা চত্বরে গাড়ি ঢুকে পড়ায় ধুন্ধুমার!
আচমকা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে হেলিপ্যাড চত্বরে তৃণমূল নেতার ছেলে গাড়ি নিয়ে ঢুকে পড়েছেন সেটা বুঝতে পারা মাত্রই তার দিকে তেড়ে যান স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকরা। একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও কীভাবে ওই গাড়ি ঢুকে পড়ল তা নিয়ে পুলিশের সাথে কয়েক প্রস্থ বচসা বাঁধে স্থানীয় বিজেপি কর্মীদের!
জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামানো হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মীকে। পরবর্তীতে তাঁরাই গাড়িটিকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে গাড়িটি বের করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিজেপি কর্মীরা দলীয় পতাকা হাতে গাড়িটিকে ঘিরে ফেলেন। বাঁশ দিয়ে আঘাত করা হয় গাড়িটির পেছনের কাঁচে। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। বাড়ে উত্তেজনা।
আরও পড়ুন: PoK-কে ভারতের অংশ হিসেবে দেখাল আফগানিস্তান, চিহ্নই নেই পাকিস্তানের
সূত্রের যা খবর, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সড়কপথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তবে, মুখ্যমন্ত্রীর এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে স্থানীয় তৃণমূল নেতার ছেলে গাড়ি নিয়ে হেলিপ্যাড ঢুকে গেল সে বিষয়ে প্রশ্ন তুলছেন উত্তর কন্যার স্থানীয় মানুষজন থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বও! প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও।










