সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টি হয়নি, অথচ জলের তলায় চলে গেল টালা! জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। টালা ট্যাঙ্কের (Tala Tank) পাইপ ফেটে বিপত্তি হয়েছে। দুর্ভোগের মুখে পড়েছেন এলাকাবাসী। সোমবার ভোরবেলায় ঘটে যাওয়া একের পর এক ঘটনায় মাথায় হাত পড়েছে স্থানীয় বাসিন্দাদের। একে তো বিদ্যুৎ নেই, তারওপর জলের ট্যাঙ্ক এর ব্রিটিশ আমলের পাইপ ফেটে এলাকা জলমগ্ন। শুধু তাই নয়, রেল লাইনে অবধি জল উঠে যাওয়ায় সাময়িকভাবে রেল চলাচল অবধি বন্ধ রয়েছে।
জলের ট্যাঙ্ক ফেটে টালায় বিপত্তি
জানা গিয়েছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাসিন্দারা দেখেন, শুকনো রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে টালা স্টেশন ও পোস্ট অফিস সংলগ্ন ঘোষবাগান এলাকায় জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। রাস্তার উপর জমে থাকা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাঁদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সকাল আটটা নাগাদ রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। এক বাসিন্দার কথায়, বাড়ির কাছেই জল জমে যাওয়ায় যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। আর এক বাসিন্দা জানান, ঘোষবাগান ও টালা এলাকা প্রায় জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও কোমরসমান জল জমেছে বলেও অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বোরো চেয়ারম্যানকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের।
ঘটনাস্থলে পুরকমিশনার স্মিতা পাণ্ডে
পাইপ ফাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের জন্য পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুরকর্মীরাও জমে থাকা জল বের করে দেওয়ার কাজে নেমেছেন। পুর কমিশনার জানান, মাটির নীচে জলের পাইপ ফেটে গিয়েছে। একই জায়গায় রেললাইন থাকায় জল নিষ্কাশনের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ওই এলাকার নিকাশি ব্যবস্থার দায়িত্ব রেলের। একাধিক নালা থাকলেও সময়মতো জলের গতিমুখ নালার দিকে ঘোরানো সম্ভব হয়নি। ফলে বিপুল পরিমাণ জল রাস্তায় জমে গিয়েছে।
আরও পড়ুন: দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত! নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন শেখ হাসিনার
এদিকে পুরসভার কর্মীরা জমে থাকা জল সরানোর চেষ্টা করছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন পুরকমিশনার। ফলে ঠিক কতক্ষণে এলাকার জল নামবে, তা এখনও স্পষ্ট নয়। পাইপ ফেটে যাওয়ার জেরে উত্তর কলকাতার জল সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি জমে থাকা জলের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। দ্রুত পাইপ মেরামত এবং জল নিষ্কাশনের কাজ শেষ করার দাবি জানিয়েছেন তাঁরা। আপাতত টালা স্টেশন ও আশপাশের এলাকার মানুষ জলমগ্ন পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন।










