চাকরি ছেড়ে বাড়ির ছাদে গাঁজা চাষ করছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর যা হল

Published:

software engineer was cultivating Ganja

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাজ হারিয়েছেন বহুদিন হয়েছে। কী করবেন বুঝে উঠতে না পেরে শেষ পর্যন্ত নিজের বাড়ির ছাদেই গাঁজা (Ganja) চাষ করার অভিযোগ উঠল হায়দরাবাদের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে (Hyderabad Software Engineer)। যেই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতীয় আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ। জানা যাচ্ছে, গত সোমবার হায়দরাবাদের নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরে অভিযুক্তের বাড়ির ছাদে যৌথ অভিযান চালায় পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ। আর তারপরই উদ্ধার হয় 17টি মাঝারি গাঁজা গাছ সহ 10 কেজি গাঁজা।

কীভাবে পাঁচ কান হল খবর?

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম সি শশীধর। জানা যায়, চাকরি হারিয়ে মোটা টাকা উপার্জনের আশায় বাড়ির ছাদে গোপনে গাঁজা চাষ করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, বাড়ির ছাদে বেআইনি চাষাবাদ করার কারণে বাইরের কাউকেই সেখানে উঠতে দিতেন না তিনি। এমনকি পাড়া-প্রতিবেশীরাও প্রথম প্রথম এই খবর জানতেন না। কিন্তু কথায় আছে দেওয়ালেরও কান আছে। পরবর্তীতে কোনও ভাবে ছাদে গাঁজা চাষ করার খবর ছড়িয়ে পড়ে। আর তারপরই খুব সম্ভবত পাড়া প্রতিবেশীদের মধ্যেই কেউ পুলিশকে খবর দেয়। পরবর্তীতে সেই খবর পৌঁছয় মাদক নিয়ন্ত্রণ বিভাগের কাছে।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার আর কিষান জানিয়েছেন, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন। চাকরি করে যা আয় করতেন তার সবটাই মাদকের পেছনে উড়িয়ে দিতেন তিনি। একটা সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে আর্থিক সংকটের কারণে নেশার জন্য গাঁজা কিনতে পারছিলেন না। মূলত সে কারণেই প্রাথমিকভাবে নিজে মাদক সেবন করার জন্যই বাড়ির ছাদে গাঁজা চাষ শুরু করেন তিনি। পরবর্তীতে দু একজনের কথায় নাকি মোটা টাকা আয়ের উদ্দেশ্যে বাড়ির ছাদে আরও কয়েকটি গাঁজা গাছ নিয়ে পুরোদমে চাষাবাদ শুরু করে দেন শশীধর।

 

অবশ্যই পড়ুন: তাপপ্রবাহ কাটাতে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

প্রসঙ্গত, অভিযুক্ত ব্যক্তির ছাদ থেকে যে 17টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছিল সেগুলির সবকটিতেই ফুল ধরেছিল। শুধু তাই নয়, ওই ব্যক্তির কাছ থেকে 10 কেজি গাঁজা সহ নেশার অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে মাদক নিয়ন্ত্র বিভাগ। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে অভিযুক্ত ব্যক্তি ঘাটকেসর অবগারি স্টেশনে রয়েছেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে আদালতেও তোলা হবে বলেই খবর।