বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে স্মার্টফোন (India Smartphone Export)। কেননা, এই মুহূর্তে ভারতে তৈরি স্মার্টফোনে ছেয়ে গিয়েছে গোটা বিশ্বের বাজার। এদেশ থেকে বিশ্বের নানা প্রান্তে স্মার্টফোনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক বছরে সেই বৃদ্ধিটা কয়েক গুণ। আর এ থেকেই প্রমাণ হয়, ভারতে তৈরি স্মার্টফোনের চাহিদা গোটা বিশ্বে ঠিক কতখানি।
ভারতে তৈরি স্মার্টফোনে ভরসা বিশ্ববাসীর!
গত আর্থিক বছরে, এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারতে তৈরি স্মার্টফোনের রপ্তানিতে আয় হয়েছিল 1 হাজার 880 কোটি ডলারের কাছাকাছি। তার আগের আর্থিক বছরে একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল 970 কোটি ডলার। তবে যদি গোটা 2024-25 আর্থিক বছরের হিসেব করা হয় সেক্ষেত্রে এই অর্থবর্ষে ভারতে তৈরি স্মার্টফোন বিদেশে রপ্তানি করে ঘরে এসেছে 2.6 লক্ষ কোটি টাকা। যেখানে 2014-15 আর্থিক বছরে এই পরিমাণটা ছিল মাত্র 160 কোটি টাকার কাছাকাছি।
ভারতীয় স্মার্টফোনের চাহিদা গোটা বিশ্বের বাজারে যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে চাহিদার থেকে অতিরিক্ত স্মার্টফোন তৈরি করে রাখতে হবে! এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। আসলে ভারতে তৈরি স্মার্টফোনের রপ্তানি বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে আমেরিকার বাজার। কারণ, বিগত এক বছরের মধ্যে ভারতে তৈরি স্মার্টফোন আমেরিকায় রপ্তানি বেড়েছে 200 শতাংশেরও বেশি। রিপোর্ট বলছে, ভারত থেকে রপ্তানি হওয়া স্মার্টফোনের দুই তৃতীয়াংশের বেশিস্মার্ট ফোন যায় আমেরিকায়। বিশেষ করে ভারতে তৈরি আইফোনে ছেয়ে গিয়েছে আমেরিকা সহ অন্যান্য দেশের বাজার!
অবশ্যই পড়ুন: জাপানের পর নেপালও নিষিদ্ধ করল ভারতের আম, কারণও জানাল প্রতিবেশী দেশ
রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পাশাপাশি চিনেও ভারতে তৈরি স্মার্টফোনের রমরমা বেড়েছে। প্রতিবছর এদেশ থেকে বিপুল পরিমাণ স্মার্টফোন পৌঁছে যায় ড্রাগনের দেশে। এছাড়াও ভারতীয় স্মার্টফোনের ব্যাপক চাহিদা রয়েছে পর্তুগাল, স্পেন, সংযুক্ত আরব আমিরশাহী, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, লাটভিয়া, ইজরায়েল এমনকি বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতেও। বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় স্মার্টফোনের চাহিদা এভাবে বাড়তে থাকলে আগামী দিনে ভারত স্মার্টফোন রপ্তানিতে শীর্ষে থাকা দেশগুলি বিশেষ করে চিনকেও পেছনে ফেলে দিতে পারে।










