১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় পদক্ষেপ কেন্দ্রের

Published:

social media

আনিষা চৌধুরী, কলকাতা: ১৮ বছরের কম বয়সি ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারের ক্ষেত্রে এবার আরও কড়া নিয়ম আসতে পারে ভারতে। কেন্দ্রীয় সরকার (Central Government) সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানিয়েছে, ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা বন্ধ করতে হবে। তার জন্য ইনফরমেশন টেকনোলজি রুলসে প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিষয়টি সামনে এসেছে ‘Just Rights for Children Alliance’-এর দায়ের করা একটি মামলার শুনানিতে। ১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে আরও কার্যকর সুরক্ষা ব্যবস্থা চেয়ে এই আবেদন করা হয়েছে।

কেন ১৮ বছরের বয়সসীমা নিয়ে প্রশ্ন?

মামলায় মূলত প্রশ্ন তোলা হয়েছে, ভারতে ১৮ বছরের কম বয়সিদের আইন অনুযায়ী নাবালক হিসেবে গণ্য করা হলেও তারা কীভাবে নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছে? সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি কেন এক্ষেত্রে কোন বাধা দিচ্ছে না?

কী করতে পারে কেন্দ্র?

কেন্দ্রের তরফে আদালতকে জানানো হয়েছে, এই বিষয়ে IT Intermediary Rules-এ প্রয়োজনীয় বিধান যোগ করার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। লক্ষ্য হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যাতে ১৮ বছরের কম বয়সিদের স্বাধীনভাবে নিজের অ্যাকাউন্ট খোলার সুযোগ না দেয়, তা নিশ্চিত করা। তবে শিক্ষামূলক ওয়েবসাইট বা ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে অভিভাবকের সম্মতিতে সমাজ মাধ্যম ব্যবহারের বিষয়টি আলাদা ভাবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

শিশুদের অনলাইন নিরাপত্তায় ইতিমধ্যেই কী নিয়ম রয়েছে?

শিশুদের ডিজিটাল নিরাপত্তার জন্য দেশে ইতিমধ্যেই একাধিক আইন ও নিয়ম রয়েছে। DPDP Act, 2023 অনুযায়ী শিশুদের ব্যক্তিগত তথ্য কাজে লাগানোর ক্ষেত্রে প্যারেন্টাল কন্সেন্ট-এর বিধান রয়েছে। শিশুদের ট্র্যাকিং, বিহেভিয়ারাল মনিটরিং এবং টার্গেটেড এডভারটাইজিং-এর মতো কিছু ব্যবস্থার উপরও নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন: ভবানীপুরের ভোট মামলায় শুভেন্দুকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ হাইকোর্টের

তবে এই মুহূর্তে ১৮ বছরের কম বয়সিদের জন্য ভারতে সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। বর্তমানে কেন্দ্র যে পদক্ষেপের কথা জানিয়েছে, তা হল এতদিন ধরে চলে আসা নিয়ম পরিবর্তন করা। এর মাধ্যমে প্ল্যাটফর্মগুলির উপর ১৮ বছরের বয়সসীমা কার্যকর করা এবং একটি বাধ্যতামূলক আইনি কাঠামো তৈরি করা। ফলে পরবর্তী সময়ে ঠিক কী নিয়ম হবে, কীভাবে বয়স যাচাই করা হবে এবং কোন কোন প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে সেগুলি কেন্দ্রের প্রস্তাবিত পরিবর্তনের উপর নির্ভর করবে।

google button