নতুন ইতিহাস ভারতের! চিন সীমান্তের পাশে ১৩ হাজার ফুট উঁচু বায়ুসেনা ঘাঁটিতে নামল ইল্যুশিন-৭৬

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিন (China) সীমান্তের কাছে পূর্ব লাদাখে ভারতের সামরিক প্রস্তুতিতে বড়সড় মাইলফলক। ড্রাগনের একেবারে গা ঘেঁষে অবস্থিত নিউমা এয়ারবেসে সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ভারী পরিবহণ বিমান IL-76MD। প্রায় 13 হাজার ফুট উচ্চতায় বিমানের এই ল্যান্ডিংকে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবতরণের নজির হিসেবে বর্ণনা করেছে ভারতীয় বায়ু সেনা। ভারতীয় বিমান বাহিনীর বক্তব্য, দেশের এই সাফল্য কৌশলগত এয়ারলিফট ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

চিন সীমান্তের কাছে বিরাট কাণ্ড ঘটালো ভারত!

পূর্ব লাদাখে, চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই নিউমা এয়ারবেস। সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 13 হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানঘাঁটিকে অত্যন্ত দুর্গম এবং কঠিন আবহাওয়ার মধ্যেও সামরিক বিমান চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে নিউমায় IL-76MD-র সফল অবতরণ বিমানটির সক্ষমতার পাশাপাশি পাইলট ও ক্রুদের দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বের এক বড় প্রমাণ।

বলাই বাহুল্য, IL-76MD বিমানটি মূলত ভারতীয় বায়ু সেনার ভারী পরিবহণ বহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 45 টন পর্যন্ত সামরিক সরঞ্জাম থেকে শুরু করে সামরিক যানবাহন এবং ভারী সরঞ্জাম বহনে সক্ষম এই বিমান। এর আগে লাদাখ ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম অঞ্চলে খাবার সহ অন্যান্য রসদ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো এই বিমানকে। নিউমায় এই ধরনের গুরুত্বপূর্ণ বিমান নামতে পারছে মানে আগামী দিনে খুব সহজেই সীমান্তে ভারতীয় সেনার কাছে যাবতীয় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও অন্যান্য রসদ পৌঁছে দেওয়া যাবে।

আরও পড়ুন: ১২,৬৬৮ কোটির ঋণের ধাক্কা, দেউলিয়া ঘোষণা করা হল প্রাক্তন ভিডিয়োকন ডিরেক্টরকে

প্রসঙ্গত, কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, নিউমায় IL-76MD-র এই ঐতিহাসিক অবতরণ শুধুমাত্র ভারতের বিমান চলাচল বা সামরিক ক্ষেত্রে সাফল্য নয় বরং কৌশলগত ক্ষেত্রে চিনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও বটে। অধিক উচ্চতার কারণে যেখানে বাতাসের ঘনত্ব অত্যন্ত কম এবং বিমান ওঠানামা যথেষ্ট চ্যালেঞ্জিং, সেখানে এই ধরনের ভারী বিমান ওঠানো নামানোর মধ্যে দিয়ে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা আরও একবার প্রমাণিত হল।

google button