সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বাম্পার খবর। আজ অর্থাৎ শনিবার থেকেই টানা ছুটির সুবিধা পাবেন রাজ্যের সমস্ত দফতরের কর্মীরা। এমনকি বেসরকারি কর্মচারীরাও পাবেন ছুটির সুবিধা। আজ থেকেই শুরু হচ্ছে টানা ছুটি। কালীপুজো, ভাইফোঁটা ও ছটপুজো উপলক্ষে টানা ছুটি পাবেন কর্মচারীরা। দেখে নিন নবান্নের তরফ থেকে জারি করা হলিডে লিস্ট (Holiday List)।
শনিবার থেকেই রাজ্যে টানা ছুটি
নবান্নের তরফ থেকে যে হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই অনুযায়ী আজ অর্থাৎ ৭ নভেম্বর থেকেই শুরু হচ্ছে সরকারি কর্মচারীদের ছুটি। শনিবার দীপাবলীর আগের দিন অর্থাৎ চতুর্দশী উপলক্ষে ছুটি থাকবে। যদিও গতকাল ধনতেরাস উপলক্ষে রাজ্যের বেশ কিছু সরকারি দফতর বন্ধ ছিল। এর পাশাপাশি আগামীকাল অর্থাৎ ৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সমস্ত সরকারি দফতর বন্ধ। যদিও এই দিন সাপ্তাহিক ছুটি থাকে।
তবে রবিবার কালীপুজো পড়ায় রাজ্য সরকারের তরফ থেকে আগামী ৯ নভেম্বর অর্থাৎ সোমবার কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে। তার পাশাপাশি ১০ নভেম্বর মঙ্গলবারও কালীপুজোর অতিরিক্ত ছুটি দেওয়া হবে। এরপর ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা উপলক্ষে ছুটি থাকবে সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ। তার পাশাপাশি ১২ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার পরের দিন অতিরিক্ত ছুটি দেওয়া হবে। এর সঙ্গে ১৩ নভেম্বর শুক্রবার ছটপুজো উপলক্ষে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর, অফিস, আদালত। অর্থাৎ ৭ তারিখ থেকে টানা ১৩ তারিখ পর্যন্ত ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: “বাপকে গিয়ে বল…” চিনা পণ্য কেনা বারণ করতেই মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ বামেদের
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি সরকারি কর্মীদের ছুটির তালিকায় কাটছাঁট করার ইঙ্গিত দিয়েছেন। বছরে মাত্র ৪০টি ছুটি দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বছরে অন্তত ১৪টি ছুটি কমতে পারে কর্মীদের। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি অর্থ সচিবকে ডেকে বলেছিলাম কমাতে হবে। উনি ৪৫ দিনের একটা তালিকা দিয়েছেন। বলেছি, ওটা আরও কমিয়ে ৪০ করতে।” অনুমান করা হচ্ছে, বিভিন্ন মনীষীদের জন্মদিন বা মৃত্যুদিন, ছটপুজো, ভাইফোঁটা ইত্যাদির অতিরিক্ত ছুটিতে এবার কাটছাঁট করতে পারে রাজ্য সরকার।










