প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই আলোর উৎসবে মাতবে শহর। কালীপুজোকে (Kali Puja 2026) কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। প্রতিমা নিয়ে আসা, মণ্ডপে যাতায়াত চলছে অনবরত। কিন্তু এই আলোর মাঝেই রাজনীতির বিষবাষ্পে বন্ধ হয়ে গেল নৈহাটির (Naihati) বহু পুরোনো দুটো পুজো। আর এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হল রাজ্য রাজনীতিতে। আনন্দের মাঝে চোখের জল ফেলতে হল স্থানীয়দের।
বন্ধ হল বহু পুরনো দুই পুজো
জানা গিয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে নৈহাটির বিভিন্ন জায়গায় মহা ধুমধাম করে কালীপুজো হয়ে থাকে। যার মধ্যে একটি হল তেমাথা ব্যবসায়ী সমিতি, যেটি ৯০ বছরের পুরোনো এবং অপরটি হল আদি বঙ্কিম সংঘ, যেটি ৬৩ বছরের পুরোনো। কিন্তু এবার এই দুই পুজোই বন্ধ থাকতে চলেছে। যে মণ্ডপে প্রতি বছর আলো জ্বলত, ভিড় হতো, এবছর সেখানে অন্ধকার দেখে কান্নায় ভেঙে পরেছে স্থানীয়রা। মূলত বিভিন্ন নিয়মাবলী এবং আইনি জটিলতা বা পুলিশি টালবাহানার কারণে পুজো কমিটির উদ্যোক্তারা কিছুটা বিভ্রান্তিতে ছিলেন বিগত কয়েকদিন। কিন্তু শেষপর্যন্ত তাঁরা এবার পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
রাজনীতির কারণে বন্ধ পুজো?
প্রতিবছর তেমাথা ব্যবসায়ী সমিতি ও আদি বঙ্কিম সংঘ এই দুই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ ছিল। এমনকি এই মণ্ডপগুলিকে কেন্দ্র করে জমে উঠত উৎসবের পরিবেশ। বহু মানুষের কাছে এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত উৎসব ছিল। কিন্তু আচমকা এইভাবে পুজো বন্ধ হয়ে যাওয়ায় কেমন যেন বিষাদের সুর ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে মহা বিতর্ক।
আরও পড়ুন: খানাকুলে রামমোহন মেলার আগে ঝঞ্ঝাট, তারিখ ঘোষণা নিয়ে দুই বিজেপি বিধায়কের মতবিরোধ
প্রসঙ্গত, কালীপুজোর মতো একটি সর্বজনীন উৎসবকে ঘিরে কেন রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হল সেই নিয়েও বিরোধীরা প্রশ্ন করছেন। কিছুদিন আগে নৈহাটির কারিগরপাড়ায় কালীপুজো নিয়ে একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গিয়েছে বন্ধ হয়ে যাওয়া একটি কালীপুজো স্থানীয় বাসিন্দা ও সংখ্যালুঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের সহযোগিতায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছিল সেখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা এবং কংগ্রেস নেতা। শেষ পর্যন্ত বিজেপি বিধায়কদের সহায়তায় পুনরায় পুজো চালু করার পরিস্থিতি তৈরি হয়েছে।










