বিক্রম ব্যানার্জী, কলকাতা: এর আগে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল পূর্বাঞ্চল। দিলীপ ট্রফিতে সেই দায়িত্ব কাঁধে নিয়ে লড়েছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার সরাসরি অধিনায়ক করা হল তাঁকে। বিহারের ক্রিকেটার এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজের রাজ্য দলকে নেতৃত্ব দেবেন। আগামী 14 নভেম্বর থেকে শুরু হওয়ার পর 6 ডিসেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ টুর্নামেন্ট। আর সেই আসরেই বিহার দলে বড় দায়িত্ব পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের খুদে তারকা।
সহ অধিনায়ক হলেন কে?
আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির দল ঘোষণা করেছে বিহার। সেই দলে অধিনায়ক হিসেবে বৈভব জায়গা পেলেও সহ অধিনায়ক করা হয়েছে সুরজ কাশ্যপকে। তিনি সহযোগিতা করবেন অধিনায়ক বৈভব সূর্যবংশীকে। বলাই বাহুল্য, এর আগে দিলীপ ট্রফিতে দল পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বৈভবের। ইশান কিষাণ চোট পেয়ে বাইরে চলে যাওয়ায় বদলি হিসেবে অধিনায়ক করা হয়েছিল 15 বছর বয়সি খেলোয়াড়কে। এবার পাকাপাকিভাবে তিনিই পেলেন গুরুদায়িত্ব।
কাকতালীয়ভাবে, কিছুদিন আগেই বৈভব প্রসঙ্গে বড় মন্তব্য করেছিলেন ক্রিকেটের ভগবান হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকর। ভারতীয় কিংবদন্তি বলেছিলেন, বৈভবকে এখনই বড় দায়িত্ব দেওয়া ঠিক নয়। তাঁকে কিছুটা খেলিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে দেওয়া হোক! অবাক করা বিষয়, সেই বক্তব্যের পরই বারণ সত্ত্বেও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে বৈভবকে অধিনায়ক করে দিল বিহারের ক্রিকেট সংস্থা। জানিয়ে রাখা প্রয়োজন, মূলত প্রথম দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিহার।
আরও পড়ুন: বেতন-মজুরি খাতে ৭৫% পর্যন্ত অর্থ ছাড়ের অনুমতি নবান্নর, বড় খবর সরকারি কর্মীদের জন্য
এক নজরে বৈভবদের দল
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সুরজ কাশ্যপ (সহ-অধিনায়ক), আয়ুষ লোহারুকা (উইকেটরক্ষক), আনমোল কুমার (উইকেটরক্ষক), অলোক কুমার, আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, ঋত্বিক রাজ, মায়াঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিস কুমার, বাসুদেব প্রতাপ সিং, মোহাম্মদ নওয়াজ খান, ইয়াশব প্রতাপ, আমিন খান, হিমাংশু সিং।










