বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপালকে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে যাত্রা শুরু করেছে ভারত (Team India)। এদিন প্রথম ইনিংসে নেপালের বিরুদ্ধে তান্ডব চালিয়েছিলেন ভারতীয় বোলাররা। সেই সূত্রেই 128 রানে আটকে যায় প্রতিপক্ষ দলটি। পরবর্তীতে 129 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 10 উইকেটে সহজ জয় পেয়েছিল ভারতীয় দল। বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর ও লক্ষ্যের দুর্ধর্ষ ব্যাটিংয়ের দৌলতেই পরাস্ত হয়েছে নেপাল। এবার ভারত মুখোমুখি হতে চলেছে পাকিস্তানের (India Vs Pakistan)। আগামীকাল কালীপুজোর শুভ দিনেই রয়েছে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু কোথায় দেখবেন এই খেলা?
কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ?
নেপালকে হারিয়ে শক্তি সঞ্চয় করে এবার পাকিস্তানকে হারানোর অপেক্ষায় ভারতীয় দল। সেই মতোই চলছে প্রস্তুতি। শত্রু দেশটিকে হারিয়ে ভক্তদের উপহার দিতে মুখিয়ে রয়েছেন জাতীয় দলের প্লেয়াররা। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 8 নভেম্বর দীপাবলির দিন, ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় একে অপরের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। আর এই ম্যাচ দেখার জন্য কার্যত হাপিত্যেশ করে বসে রয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা।
ওমানের আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি দেখতে হলে দর্শকদের নজর রাখতে হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। মূলত সোনি স্পোর্টস টেন থ্রি এবং সোনি স্পোর্টস টেন ফাইভ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ। তবে যারা স্মার্টফোন বা ল্যাপটপে এই ম্যাচ দেখতে চান তাঁদের নজর রাখতে হবে সোনি লিভ অ্যাপে। এছাড়াও সোনি লিভের ওয়েবসাইট থেকে দেখা যাবে এই বিশেষ ম্যাচ।
আরও পড়ুন: ১৫ বছর বয়সেই অধিনায়কত্ব পেলেন বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, গতকাল নেপালের বিরুদ্ধে আর্যাবীর 52 বলে 70 রানের এক অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে অধিনায়ক লক্ষ্য রায়চন্দানির ব্যাট থেকেও এদিন দুর্ধর্ষ একটি হাফ সেঞ্চুরি পেয়েছিল ভারত। সেই সূত্রেই একতরফা জয় তুলে নেপালকে একপ্রকার ডুবিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে নেপালের বোলারদের দুর্বলতা একেবারে প্রকট হয়ে উঠেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না।










