বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো ছত্তিশগড় (Plane Crash In Chhattisgarh)। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের উপর ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। সূত্রের খবর, চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বিমানটি প্রথমে গাছের একটি ডালে ধাক্কা মারে। পরবর্তীতে পাক খেতে খেতে পাহাড়ের উপর আছড়ে পড়ে বিমানটি। যে ঘটনায় বহু প্রাণহানীর আশঙ্কা করছেন অনেকেই। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের মরদেহ দুর্গম অঞ্চল থেকে উদ্ধারের কাজ করছে উদ্ধারকারী দল।
ঠিক কোথায় ঘটল এই বিমান দুর্ঘটনাটি?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে জশপুর জেলার জশপুর-নারায়ণপুর অঞ্চলে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাঝ আকাশেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তারপরই বিমানটি পাক খেতে খেতে প্রথমে গাছে ধাক্কা মেরে পাহাড়ের উপরেই ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ভেঙে পড়া মাত্রই আগুন ধরে যায়। আর তারপরেই বনাঞ্চল থেকে কুন্ডলী পাকিয়ে বের হতে থাকে ধোঁয়া। খোঁজ নিয়ে জানা গেল, বিমানটি মাটি থেকে মাত্র 30 ফুট উচ্চতায় উড়ছিল।
সোমবার বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। একই সাথে প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে যত দ্রুত সম্ভব মৃতদেহ উদ্ধার করে সেগুলিকে যথাযথ স্থানে পাঠানো হবে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা জানা যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে, দুর্ঘটনার কারণে বিমানে থাকা প্রায় প্রত্যেকেই মারা গিয়েছেন।
অবশ্যই পড়ুন: দুই জাহাজে ফের হামলা চালাতে পারে ইরান! হরমুজে ঘেরাটোপ বাড়াল ভারতীয় নৌবাহিনী
এদিকে সংবাদ সংস্থার এক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই বেসরকারি বিমানের পাইলট এবং কো-পাইলটের মৃত্যুর খবর পাওয়া যায়। বাকিদের খোঁজে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধার কাজ। এদিন দুর্ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশের শীর্ষ আধিকারিক লাল উম্মেদ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা।










