মিলবে ১ লক্ষ টাকা অবধি সুবিধা, পিএম বিশ্বকর্মা যোজনা নিয়ে বড় খবর

Published:

PM VISWAKARMA

আনিষা চৌধুরী, কলকাতা: নিজের মধ্যে থাকা দক্ষতাকে কাজে লাগিয়ে ছোট খাটো কোনও ব্যবসা শুরু করতে চান? কিন্তু অর্থের অভাবে পিছিয়ে যাচ্ছেন? এই ধরনের মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনা (PM Viswakarma Yojana) একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। বিশ্বকর্মা জয়ন্তীর দিন, ১৭ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, যেমন হাত ও যন্ত্র সমানতালে ব্যবহার করে কাজ করেন এমন কারিগরদের আর্থিক সহায়তা দেওয়া এবং এর পাশাপাশি তাঁদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা ও বাজারের সঙ্গে তাঁদের সরাসরি যুক্ত করা। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, টুলকিট কেনার জন্য আর্থিক সহায়তা, ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়া এবং ঋণের মতো সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

কারা পাবেন এই সুবিধা?

এই প্রকল্পের মধ্যে মোট ১৮ ধরনের ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত কারিগরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ছুতোর, নৌকা প্রস্তুতকারী, কামার, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, চর্মকার, রাজমিস্ত্রি, ঝুড়ি বা মাদুর প্রস্তুতকারী, প্রথাগত খেলনা প্রস্তুতকারী, তালাচাবি মিস্ত্রি, নাপিত, মালাকার, ধোপা, দর্জি এবং মাছ ধরার জাল প্রস্তুতকারী পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এর মধ্যে রয়েছেন। সাধারণভাবে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তাঁর দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন। প্রকল্পের অধীনে যোগ্য কারিগরকে প্রথমে PM Vishwakarma Certificate এবং ID Card দেওয়া হয়ে থাকে, যার মাধ্যমে একটি সরকারি স্বীকৃতিও মেলে।

একদম শুরুতেই যোগ্য কারিগরদের দক্ষতা যাচাইয়ের পর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রাথমিক প্রশিক্ষণ সাধারণত ৫ থেকে ৭ দিনের এবং প্রশিক্ষণের সময় দৈনিক ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়ারও ব্যবস্থা রয়েছে। আধুনিক সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি ডিজিটাল পেমেন্ট, বিপণন ও ব্যবসা পরিচালনার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত টুলকিট ইনসেন্টিভ পাওয়া যায়। প্রশিক্ষণের পর প্রথম ধাপে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণের সুবিধা রয়েছে। পরে নির্দিষ্ট শর্ত পূরণ করলে দ্বিতীয় ধাপে আরও ঋণের সুযোগ মিলতে পারে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বাদ পড়ল এদের নাম, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর

কীভাবে করবেন আবেদন?

আবেদনের জন্য পিএম বিশ্বকর্মা (PM Vishwakarma Portal) পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি আধারভিত্তিক পরিচয় যাচাই এবং মোবাইল নম্বর ভেরিফিকেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আবেদন যাচাই ও অনুমোদনের পর PM Vishwakarma Certificate এবং ID Card পাওয়া যায়। এরপর যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ, টুলকিট ইনসেন্টিভ, ঋণ বা অন্যান্য সুবিধার জন্য পরবর্তী ধাপে পৌঁছানো যায়। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের MSME মন্ত্রকের অধীনে বাস্তবায়িত হচ্ছে। অর্থের অভাবে পিছিয়ে থাকা দক্ষতা সম্পন্ন কারিগরদের সাহায্য করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।