বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার (America) মধ্যবর্তী নির্বাচনে হেরে কার্যত অসংযত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! আর তার প্রভাব পড়ল ভারতের উপরেই। ইরানের তেল ব্যবসায় নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগ তুলে এক ভারতীয় দম্পতি এবং তাঁদের সাথে যুক্ত একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা (US Sanctions) জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট! জানা যাচ্ছে, মার্কিন ট্রেজারি বিভাগ ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জসপ্রিত প্রীতি শাহিদ সহ তাঁদের 9টি সংস্থাকে নিষিদ্ধ করেছে।
আমেরিকার অভিযোগ কী?
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের অভিযোগ, ভারতীয় দম্পতি শর্মা ও শাহিদের নেতৃত্বে একটি নেটওয়ার্ক ইরানের শ্যাডো ফ্লিটকে যাবতীয় সহযোগিতা করেছে। তাদের সাহায্যেই নাকি নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলিকে ভুয়ো পতাকা এবং জাল সামুদ্রিক শংসাপত্র দেওয়া হতো। আর এর ফলেই নাকি ইরানের জাহাজগুলি খুব সহজেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং নিয়ম এড়িয়ে চলতে পারতো।
মার্কিন ট্রেজারি বিভাগের তরফে আরও অভিযোগ করা হয়, ওই এক নেটওয়ার্ক বিভিন্ন দেশের নামে জাহাজ রেজিস্ট্রি এবং সামুদ্রিক পরিষেবার জন্য নানান ওয়েবসাইট বানিয়ে রেখেছিল। আর এগুলির মাধ্যমে জাহাজের রেজিস্ট্রেশন, নাবিকদের প্রশিক্ষণ, শংসাপত্র এবং জাহাজের শ্রেণিবিন্যাসের মতো পরিষেবাগুলি দেওয়া হতো।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলেই থাকছেন আনোয়ার আলি, স্থগিত হল শুনানি, ফের আবেদনের সুযোগ পাবে বাগান
ট্রাম্পের প্রশাসনের তরফে যে নিষেধাজ্ঞার তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় ভারতের নাগরিক সুনীল কুমার শর্মা ও জসপ্রিত প্রীতি শাহিদের পাশাপাশি মোট 9 সংস্থা, ওশানিক টেকনোলজিস ইন্ডিয়া, আর্যাবর্ত শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, প্রিসেপ্ট ট্রেন্ডস প্রাইভেট লিমিটেড, পলিনেশিয়া মেরিটাইম প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড, অ্যালেক্সারিয়া মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, বিহারাবোটিং প্রাইভেট লিমিটেড এবং আর্যাবর্ত মেরিটাইম অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট রয়েছে। মার্কিন ট্রেজারির সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে সাহায্য করা ব্যক্তি এবং সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে ওয়াশিংটন!










