প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলের বাইরে দুই ছাত্রের মধ্যে তুমুল বচসা, আর সেই বচসা থেকেই ঘটে যায় ভয়ংকর বিপদ। দশম শ্রেণির এক ছাত্র নবম শ্রেণিতে পাঠরত দুই ছাত্রকে কাঁচি দিয়ে রীতিমত আঘাত (Student Attacks) করেছে। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার (Kanchrapara) একটি ইংরেজি মাধ্যম স্কুলে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ দুই পড়ুয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় পরে তা গড়ায় হাতাহাতিতে। আহতদের ভর্তি করা হয়েছে হালিসহরের এক বেসরকারি হাসপাতালে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বুধবার, হালিসহর থানার অন্তর্গত কাঁচরাপাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাইরে নবম শ্রেণির দুই পড়ুয়া নৈতিক ও সপ্তমের মধ্যে বচসা শুরু হয়েছিল। সেই সময় আচমকা দশম শ্রেণীর এক ছাত্র সুশোভন কাঁচি দিয়ে দুই ছাত্রকে গুরুতর ভাবে আঘাত করে। যার ফলে রক্তারক্তি অবস্থা, সঙ্গে সঙ্গে স্কুল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের অভিভাবকদের ঘটনাটি জানানো হয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে অভিভাবকরা এসে পৌঁছালে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
কী বলছেন আহতের অভিভাবক?
জানা গিয়েছে, টিউশন পড়তে যাওয়ার সময় গালিগালাজ নিয়ে বচসা এবং পরে তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, সেই সময় নবম শ্রেণির দুই ছাত্রকে কাঁচি দিয়ে আঘাত করে দশম শ্রেণির এক ছাত্র। তবে সঠিক কী কারণে এই বচসা এখনও পর্যন্ত জানা যায়নি। আহতদের কপালে ও মাথার পিছনে ব্যাপক চোট লেগেছে। আহতদের মধ্যে এক অভিভাবক জানিয়েছেন যে, “আমি অফিসে কাজ করছিলাম, আচমকা স্কুল থেকে আমাকে ফোন করে জন্য হয় ছেলেকে মেরেছে ওই স্কুলেরই এক ছাত্র, মাথা ফেটে রক্ত ঝরছে। আর এই খবর পেতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসি।”
আরও পড়ুন: সাতসকালে আরামবাগে ভয়াবহ দুর্ঘটনা! বাস উল্টে আহত ১৬ জন যাত্রী
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক প্রত্যক্ষদর্শী ছাত্রর কথায়, “প্রথমে দশম শ্রেণির সুশোভন গালিগালাজ করছিল নবম শ্রেণির সপ্তমকে, পড়ে ঝামেলা অশান্তি হতেই কাঁচি দিয়ে মারে সুশোভন এদিকে নৈতিক বাঁচাতে গেলে তাকেও মারা হয়।” যদিও আসল ঘটনা ঠিক কী তা নিয়ে এখনও সন্দেহ বাড়ছে। তদন্তে নেমেছে পুলিশ, সিসিটিভি ফুটেজ ও সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।










