অনন্যা সরকার, কলকাতা: নভেম্বর মাস শুরু হয়ে গেছে। চৌকাঠে দাঁড়িয়ে শীত। সকালবেলা হিমেল বাতাসে শীত অনুভূত হতে শুরু করেছে। যাদের খুব ভোরে স্নান করতে হয়, তাদের জন্য এটা একটা কঠিন পরীক্ষাই বটে! কল খুললেই ট্যাঙ্ক (Water Tank) থেকে বেরিয়ে আসে কনকনে ঠান্ডা জল। সবার বাড়িতেই তো আর গিজার বা ইমার্সন হিটার থাকে না। তাই চলুন কয়েকটি দারুণ কৌশল জেনে নেওয়া যাক, যা ডিসেম্বরের তীব্র শীতেও ট্যাঙ্কের জল গরম রাখতে সাহায্য করবে।
বাবল র্যাপ দিয়ে ঢেকে দিন
সাধারণত পার্সেল প্যাকিংয়ের কাজে ব্যবহৃত বাবল র্যাপ (Bubble Wrap) অনেকের বাড়িতেই থাকে। পার্সেলের সাথে আসা র্যাপগুলো ফেলে দেবেন না। শীতকালে ট্যাঙ্কের জল গরম রাখতে এই বাবল র্যাপ বেশ কার্যকরী। বাবলের ভেতরে আটকে থাকা বাতাস তাপ নিরোধক হিসেবে কাজ করে। ট্যাঙ্কের চারপাশে দুই-তিন স্তর বাবল র্যাপ ভালোভাবে জড়িয়ে দিলে তা ঠান্ডা হাওয়ার প্রভাব উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, যার ফলে শীতকালেও ট্যাঙ্কের জল গরম থাকে
পুরু স্টাইরোফোম শিটের ব্যবহার
বাড়ির ছাদে খোলা জায়গায় যদি জলের ট্যাঙ্কটি থাকে, তবে সেটিকে মোটা স্টাইরোফোম শিট দিয়ে মুড়ে ফেলুন। স্টাইরোফোম ট্যাঙ্কটির চারপাশে তাপ নিরোধক একটি স্তর তৈরি করে, যা শীতকালেও জলের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: চুলে তেল মাখার সময় এই ভুলগুলি করলেই বিপদ! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?
ট্যাঙ্কের গায়ে দিন গাঢ় রঙের প্রলেপ
ট্যাঙ্কে গাঢ় রঙ করলে তা ভেতরের জলকে উষ্ণ রাখতে সাহায্য করে। কালো, গাঢ় নীল কিংবা গাঢ় খয়েরি রঙের মতো রঙ সূর্যের তাপ বেশি শোষণ করে। এর ফলে, দিনের বেলা সূর্যের আলোয় ট্যাঙ্কটি গরম হয়ে ওঠে ও সেই তাপের প্রভাবে ভেতরের জলও অনেকক্ষণ উষ্ণ থাকে।
ট্যাঙ্ক ভালো করে ঢেকে রাখুন
যদি বাড়ির খোলা ছাদে জলের ট্যাঙ্কটি থাকে, তবে সেটিকে ঠান্ডা বাতাস ও শিশির থেকে রক্ষা করা প্রয়োজন। এর জন্য ট্যাঙ্কের ওপর ত্রিপল, কাঠের ঢাকনা বা টিনের ছোট ছাউনি ব্যবহার করা যেতে পারে। এতে ঠান্ডা হাওয়া সরাসরি ট্যাঙ্কে আঘাত করতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় গৃহস্থরা ট্যাঙ্কের চারপাশে পুরনো পাটের বস্তা বা মোটা কাপড় জড়িয়ে রাখেন, যা শীতকালেও ট্যাঙ্কের ভেতরের জলকে উষ্ণ রাখতে সাহায্য করে।
ট্যাঙ্ক যেন থাকে রোদের সংস্পর্শে
যদি বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্কটি সরিয়ে অন্য কোথাও রাখার সুযোগ থাকে, তাহলে এটিকে শীতকালে এমন একটি জায়গায় রাখা দরকার যেখানে সারাদিন প্রচুর সূর্যের আলো পড়ে। দিনের বেশিরভাগ সময় ট্যাঙ্ক রোদে থাকলে এর ভেতরের জল উষ্ণ থাকে। ফলে, সকালে কল খুললে আর ঠান্ডা জলে হাত লাগিয়ে কাঁপুনি অনুভব হবে না।










