চুলে তেল মাখার সময় এই ভুলগুলি করলেই বিপদ! অজান্তেই নিজের ক্ষতি করছেন না তো?

Published:

hair health

আনিষা চৌধুরী, কলকাতা: একসময় চুলের যত্ন নিতে নিয়ম করে মাথায় তেল মাখার চল ছিল। কিন্তু আজকালকার দিনে অনেক ছেলেমেয়েই মাথায় তেল লাগাতে বিশেষ পছন্দ করেন না। কারও কাছে তেল মাখলে চুল অতিরিক্ত চিটচিটে হয়ে যায়, আবার কেউ মনে করেন তেল লাগালে চুলের সাজ নষ্ট হয়ে যায়। তবে চুলের (Hair) যত্নে তেলের ব্যবহার একেবারে অপ্রয়োজনীয় নয়। সঠিকভাবে তেল ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকে, রুক্ষভাব কমে এবং চুলের উজ্জ্বলতা বাড়ে। বিশেষ করে নারকেল তেল চুলের প্রোটিন ক্ষয় কমাতেও সহায়ক ভূমিকা পালন করে। তবে তেল লাগানোর ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। কারণ অজান্তে এই কয়েকটি ভুল অভ্যাস আপনার চুল ও স্ক্যাল্পের সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

চুলে তেল লাগানোর সময় কী কী এড়িয়ে চলবেন?

১. সারারাত চুলে তেল লাগিয়ে রাখা: অনেকেই মনে করেন, যত বেশি সময় ধরে চুলে তেল লাগিয়ে রাখা হবে, তত বেশি উপকার পাওয়া যাবে। সেই কারণে রাতে তেল মেখে পরদিন সকালে মাথায় শ্যাম্পু করার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু এই ধারণা সব ক্ষেত্রে ঠিক নয়। বিশেষ করে যাঁদের স্ক্যাল্পে খুশকি বা তৈলাক্তভাবের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ তেল লাগিয়ে রাখলে সমস্যা বাড়তে পারে। তাই নিজের স্ক্যাল্পের ধরন বুঝে নির্দিষ্ট সময়ের মধ্যেই তেল ধুয়ে ফেলুন।

২. অপরিষ্কার স্ক্যাল্পে তেল লাগানো: অনেক সময় মাথার ত্বকে ঘাম, ধুলোবালি ও বিভিন্ন ধরনের প্রসাধনীর অবশিষ্টাংশ জমে থাকে। তার উপর আবার তেল লাগালে স্ক্যাল্পে অস্বস্তি ও ময়লা জমার সমস্যা বাড়তে পারে। তাই চুল ও মাথার ত্বকের পরিচ্ছন্নতার দিকে নজর রাখা জরুরি।

৩. অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করা: চুল ভালো রাখার জন্য বেশি পরিমাণে তেল লাগানোর প্রয়োজন নেই। অনেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি তেল ব্যবহার করেন। এতে চুল অতিরিক্ত তৈলাক্ত ও ভারী হয়ে যায়। পাশাপাশি সেই তেল সম্পূর্ণ পরিষ্কার করতে বারবার শ্যাম্পু করতে হয়। তাই চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব বুঝে পরিমিত পরিমাণে তেল ব্যবহার করুন।

৪. জোরে জোরে স্ক্যাল্পে ম্যাসাজ করা: তেল লাগানোর সময় অনেকেই আঙুল দিয়ে জোরে জোরে মাথার ত্বক ঘষতে থাকেন। তাঁদের ধারণা, বেশি চাপ দিয়ে ম্যাসাজ করলে তেল ভালোভাবে চুলের গোড়ায় ঢুকবে। কিন্তু এই অভ্যাস একেবারেই ঠিক নয়। অতিরিক্ত ঘষাঘষি বা নখ দিয়ে স্ক্যাল্পে চাপ দিলে মাথার ত্বকে আঘাত লাগতে পারে। শুধু তাই নয় এতে চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। তাই আঙুলের ডগা দিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন।

৫. তেল লাগানোর পরপরই চুল আঁচড়ানো: তেল লাগানোর পর চুল অনেকটা ভারী ও পিচ্ছিল হয়ে যায়। এই অবস্থায় তাড়াহুড়ো করে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলে টান পড়তে পারে। বিশেষ করে জট ছাড়ানোর সময় জোরে টানাটানি করলে চুল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তেল লাগানোর আগে চুলের জট ছাড়িয়ে নেওয়া ভালো। পরে প্রয়োজন হলে আলতো হাতে চুল আঁচড়ে নিতে পারেন।

৬. তেল লাগিয়ে চুল শক্ত করে বেঁধে রাখা: অনেকেই তেল মাখার পর চুল শক্ত করে খোঁপা বা বিনুনি করে রাখেন। কিন্তু বারবার এভাবে চুল বেঁধে রাখলে চুলের গোড়ায় অতিরিক্ত টান পড়ে। দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে Traction Alopecia বা টানের কারণে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। তাই তেল লাগানোর পর চুল খুব শক্ত করে না বেঁধে আলগা করে রাখুন।

আরও পড়ুন: মুখের গড়ন অনুযায়ী বেছে নিন টিপ, কোন ফেসে কোনটা মানাবে? জেনে নিন

চুলের যত্নে তেল ব্যবহার করা অবশ্যই একটি ভালো অভ্যাস, তবে শুধু তেল মাখলেই চুলের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে এমনটা কিন্তু নয়। চুলের ধরন, মাথার ত্বকের অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী তেল ব্যবহার করা উচিত। মনে রাখবেন সব সমস্যা বাড়িতে বসে সমাধান করা যায় না। যাঁদের খুশকি বা স্ক্যাল্পে জ্বালা করার মতন সমস্যা আছে, তাঁরা সরাসরি মাথায় তেল লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

google button