শেয়ার বাজারে উত্থান, উলটপুরাণ মুকেশ আম্বানির রিলায়েন্সে! এক ধাক্কায় কমল শেয়ারের দাম

Published:

Reliance Industries

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে উলটপুরাণ। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে মঙ্গলবার ছন্দে ফিরেছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। লাফ দিয়েছে, নিফটি থেকে শুরু করে সেনসেক্স। তাতে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। শক্তিশালী হয়েছে ভারতীয় রুপিও। তবে এই সুসময়ের মধ্যে ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্সের শেয়ার। গতকাল যেখানে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম প্রায় 12 শতাংশ বেড়ে গিয়েছিল, সেখানে মঙ্গলবার এক ধাক্কায় শেয়ারটির দাম 1.3 শতাংশ কমে গেল। তাতে কিছুটা হলেও লোকসান হয়েছে বিনিয়োগকারীদের।

শেয়ার বাজারের উত্থানের মাঝে মুখ থুবড়ে পড়ল আম্বানির শেয়ার

রিপোর্ট বলছে, গতকাল অর্থাৎ সোমবার ভারতীয় শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 11.6 শতাংশ পর্যন্ত বেড়ে যায়। 2020 সালের পর এটাই ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একদিনে সর্বোচ্চ উত্থান। তবে সেই সাফল্যের একদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়ল আম্বানির সংস্থার শেয়ার। সবচেয়ে বড় কথা, মঙ্গলবার সমস্ত লোকসান কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ভারতীয় শেয়ার বাজার, কিন্তু তা সত্বেও দাম কমলো রিলায়েন্সের শেয়ারের।

সোমবার, রিলায়েন্সের শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় একটি শেয়ারের মূল্য গিয়ে দাঁড়িয়েছিল 1300 টাকায়। এর ফলে এক দিনেই সংস্থার বাজার মূল্য 1.84 লক্ষ কোটি টাকা বেড়ে যায়। তবে এই ব্যাপক উত্থানের পর মঙ্গলবার হঠাৎ করেই বিনিয়োগকারীরা নিজেদের মুনাফা তুলে নিতে শুরু করেন। আর ঠিক সেই কারণেই হঠাৎ করে 1.3 শতাংশ নেমে গেল ভারতীয় সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

আরও পড়ুন: ২টি চার্টাড বিমান থেকে ৬টি জমি, অনিল আম্বানির ৫১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের উত্থানের পেছনে ছিল সংস্থাটির 2026-27 আর্থিক বছরের ত্রৈমাসিক ফলাফল। তবে বিনিয়োগকারীরা লাভের মুখ দেখতেই নিজেদের মুনাফা তুলে নেওয়া শুরু করলে শেয়ারটির উপর চাপ বাড়ে, যার কারণে খুব স্বাভাবিকভাবেই শেয়ারের দাম কমে যায়। তবে বিখ্যাত ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল এই সংস্থাটিতে নিজেদের ইতিবাচক অবস্থান বজায় রেখেছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
google button