গায়ে জল লাগায় সরকারি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ! দাদাগিরি দুর্গাপুরের মহিলা ভ্লগারের

Published:

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: রাস্তার গর্তে গাড়ির চাকা পড়ে গায়ে কাদা ছিটেছিল দুইজন ইউটিউবারের, আর তাতেই দক্ষযজ্ঞ বেঁধে গেল দুর্গাপুরের (Durgapur) মাটিতে। কেন কাদা, জল গায়ে ছিটবে? সেই প্রশ্ন তুলে গাড়ির চালক পেশায় এক সরকারি কর্মীকে বেধড়ক মারধর করলেন তাঁরা। শুধু তাই নয়, গাড়ির চালকের মুখে ছিটানো হল থুতু (Durgapur YouTuber Assault Case) এবং পাথর দিয়ে ফাটানো হলো তাঁর মাথা। ঘটনা জানাজানি হতেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো দুই জনপ্রিয় ইউটিউবারকে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের বিদ্যুৎ সংস্থার এক সরকারি কর্মী পূর্ণব্রত বেহেরা গাড়িতে করে দুর্গাপুরের পারুলিয়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। গতকাল বৃষ্টি হওয়ায় রাস্তাগুলির গর্তে জল-কাদাও জমেছিল এদিকে রাস্তাও বেশ কয়েক জায়গায় খারাপ ছিল। এমতাবস্থায় এমএএমসি ফ্লাইওভারের কাছে একটি গর্তে গাড়ির চাকা পড়ে নোংরা জল ছিটকে লাগে পাশ দিয়ে যাওয়া একটি মোটরবাইকের দুই আরোহীর গায়ে। এদিকে ওই দুই আরোহীরা পেশায় হলেন ইউটিউবার। তাঁরা ওই কর্মীর গাড়িটি আটকে দিয়ে ঝামেলা শুরু করেন। এমনকি সেই দ্বন্দ্ব পরে বড় আকার ধারণ করে।

পাল্টা সাফাই দুই ইউটিউবারের

জানা গিয়েছে ওই দুই ব্লগারের মধ্যে একজন ছিলেন মৌটুসী মন্ডল এবং অপরজন ছিলেন অনিল কুমার রায়। অভিযোগ ওই মহিলা তর্কাতর্কির জেরে ওই সরকারি কর্মীকে পাথর দিয়ে মেরে রীতিমতো মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্গাপুরের মহিলা ব্লগার মৌটুসি মণ্ডলের বিরুদ্ধে। শুধু তাই নয় বাইক চালক রীতিমতো থুতুও ছিটিয়েছেন। অন্যদিকে আবার দুই ইউটিউবার অভিযোগ জানিয়েছে যে ওই সরকারি কর্মী পূর্ণব্রত বাবু আগে তুই-তুকারি করে ঝামেলা শুরু করেছিলেন। এমনকি এই বিষয়ে ভিডিও করতে গেলে তাদের ফোন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে ওই কর্মীর বিরুদ্ধে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: ভ্যানে মিলল ব্যাগভর্তি টাকা, লোভ না করেই পুলিশের হাতে তুলে দিলেন হাবড়ার প্রৌঢ়

হাসপাতালে ভর্তি ওই কর্মী

ঘটনাস্থলে পুলিশ আসলে পূর্ণব্রত বেহেরাকে সঙ্গে সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত তিনি সুস্থ আছেন। সংবাদমাধ্যমে তিনি জানান, “বাইক চালক যুবক আমার মুখে ঘুসি মারেন। এমনকি আচমকা ওই মহিলা ব্লগার রাস্তার পাশ থেকে পাথর তুলে মাথায় আঘাত করেন। মাথা ফেটে গিয়ে গলগল করে রক্ত ঝড়তে থাকে। আশপাশের মানুষজন ছুটে আসলেও ওই মহিলা ব্লগার চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিয়ো তোলার চেষ্টা করতে থাকেন। কিন্তু স্থানীয়দের প্রতিবাদে তাঁরা চুপ করে যায়।”

গ্রেফতার দুই

শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে, যখন ওই সরকারি কর্মী হাসপাতালের বেডে শুয়েই দুইজন ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর তার ভিত্তিতেই আপাতত দুজন ইউটিউবারকেই গ্রেফতার করেছে দুর্গাপুর নিউডাউন থানার পুলিশ। এছাড়াও পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে এবং তারপরেই পদক্ষেপ নেওয়া হবে।

google button