প্রীতি পোদ্দার, কলকাতা: আসতে আসতে ছোট হচ্ছে দিন, রাত হলেই হালকা হালকা শীত (উইন্টরঅনুভূত হচ্ছে শরীরে। বোঝাই যাচ্ছে যে শীত আসছে কোমর বেঁধে। আর শীত আসা মানেই হরেক রকমের সবজির সমাহার, যার মধ্যে অন্যতম হল সজনে ফুল (Shojne Phuler Torkari)। নিরামিষ পদ্ধতিতে কীভাবে এই সজনে ফুল দিয়ে তরকারি বানানোর যায় তা, আজ, আমদের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
উপকরণ
সজনে ফুলের তরকারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – সজনে ফুল, আলু, ছিম, সজনে ডাটা, পোস্ত, সাদা তিল, চিনা বাদাম, কাঁচালঙ্কা, নারকেল, শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, ভেজানো কিসমিস, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
হালকা হালকা শীত মানেই সজনে ফুল দিয়ে ভাত বা রুটি খাওয়ার হিড়িক পড়ে যায়। তবে শুধু স্বাদের জন্যই নয়, এই সব্জি রোগ প্রতিরোধী হিসেবেও দারুণ। সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম ও পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং রক্তাল্পতার সমস্যা এড়াতে সজনের জুড়ি মেলা ভার।
- প্রথমে সজনে ফুল ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। এরপর এক এক করে আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর কয়েকটি ছিমের খোসা ছাড়িয়ে সেগুলি কুচি কুচি করে কেটে নিতে হবে। এবং সজনে ডাটাগুলোর খোসা ছাড়িয়ে সেগুলিকেও কেটে নিতে হবে।
- এরপর একটি ব্লেন্ডারে পোস্ত, সাদা তিল, চিনা বাদাম, কাঁচালঙ্কা অল্প একটু জল দিয়ে বেটে নিতে হবে। মিহি করে বেটে নেওয়ার পর সেগুলি আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপর একটি নারকেল ফাটিয়ে তার থেকে জল বের করে সাদা অংশটি কুড়িয়ে নিতে হবে।
- নারকেল কোরা থেকে দুধ বের করার জন্য একটা পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো।
আরও পড়ুন: চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ি স্টাইল ‘দেহেবু’, স্বাদ হবে অতুলনীয়
- সবজি ভাজা হয়ে গেলে সেগুলি আলাদা পাত্রে রেখে এবার ওই একই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর পোস্ত এবং তিলের মিশ্রণটা ঢেলে দিতে হবে। তেলের সঙ্গে বাটা মশলা ভালো করে মাখিয়ে নিয়ে দিতে হবে নারকেলের দুধ।
- সম্পূর্ণ মশলার মিশ্রণটা নারকেলের দুধে সঙ্গে ভালো করে মিশিয়ে এবার সামান্য নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পর দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা কিসমিস দিয়ে দিতে হবে।
- পুনরায় হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সজনে ফুলগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে ফুলগুলো মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে। এই সময় একবার চেখে দেখতে হবে যে নুন হয়েছে নাকি, যদি দরকার লাগে তাহলে সামান্য দিতে পারেন। ব্যস, তাহলেই তৈরি সজনে ফুলের তরকারি। নামানোর আগে উপর থেকে সর্ষের তেলও ছড়িয়ে দিন। গরম গরম ভাতে খেতে দারুণ লাগবে।










