প্রীতি পোদ্দার, কলকাতা: কোনো অনুষ্ঠান উৎসব হলেই বাঙালির পেটপুজো যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। কিছুদিন আগেই ধুমধাম করে শেষ হয়েছিল দুর্গাপুজো। প্রতিদিন বাইরে সকাল দুপুর রাত খাওয়া দাওয়া চলেছিল দেদার। এদিকে সামনেই আসছে দীপাবলি (Diwali 2026), বাড়িতেও অনেকে এই সময় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ করে। তাই তাঁদের জন্য গলদা বা বাগদা চিংড়ি দিয়ে বানিয়ে দিতে পারেন ঠাকুরবাড়ির এক আভিজাত্য পদ ‘দেহেবু’ (Dehebu)। যার স্বাদ হবে অতুলনীয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি বানানো যায়।
উপকরণ
দেহেবু বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – বাগদা চিংড়ি ৭ পিস, ঘি, লবঙ্গ, দারচিনি, এলাচ, ৩টে পেঁয়াজ বাটা, আদা বাটা, ৩টে আলু, নুন, ১ কাপ টক দই, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে বাগদা চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে সেগুলির মাথা, লেজ এবং দেহ আলাদা করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে।
- তেল গরম হয়ে এলে ওর মধ্যে ঘি গরম করে নিতে হবে। ঘি গলে গেলে এবার লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পরেই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে পেঁয়াজ বাটা। ঘি এর সঙ্গে সেটিকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো হালকা বাদামী রঙের হচ্ছে ততক্ষণ সেটিকে ভেজে নিতে হবে।
- পেঁয়াজের গায়ে হালকা বাদামী রং ধরলে এবার দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচ আদা বাটা। যতক্ষণ না বাটাগুলোর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ সেটিকে নাড়াচাড়া দিতে থাকুন ঘি এর মধ্যে।
আরও পড়ুন: কখনও ঠাকুরবাড়ির কমলপুলি খেয়েছেন? ভুলে যাবেন রসগোল্লা-সন্দেশের স্বাদ, রইল রেসিপি
- মশলা কষানোর মাঝে ৩ টি আলু নিয়ে সেগুলির খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে। ওদিকে গ্যাসে মসলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু গুলোও ওর মধ্যে দিয়ে দিতে হবে। সেগুলি যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ওর মধ্যেই দিয়ে দিতে হবে সামান্য নুন এবং পরিমাণমত জল।
- জল ফোটার অন্তত সাত থেকে আট মিনিট পরে কাঁচা লঙ্কা এবং কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে। ধীরে ধীরে যখন চিংড়ি মাছ গুলোর ওপর ঘি ভেসে আসবে তখন ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিতে হবে। সেটিকে ভালো করে নেড়েচেড়ে ৭-৮ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ‘দেহেবু’।










