সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মাসের পর নভেম্বরে দাঁড়িয়ে মহিলাদের মনে একটাই প্রশ্ন—এই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা? কারণ, পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে সবচেয়ে বড় ভরসার প্রকল্প এটি। যাঁদের আগের কিস্তির টাকা আটকে রয়েছে, তাঁরা কি নভেম্বর মাসে ডবল কিস্তি পাবেন? পাশাপাশি যাঁরা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, তাঁরাই বা কবে আবেদনের সুযোগ পাবেন? সবটা রইল এই প্রতিবেদনে।
নভেম্বর মাসের ৩০০০ টাকা কবে ঢুকবে?
এই প্রকল্প চালু হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। তবে বিগত মাসগুলির পরিসংখ্যান দেখলে বোঝা যায়, অন্নপূর্ণার টাকা দিতে অন্তত ১৫ তারিখ লাগিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে নভেম্বর মাসে কবে অন্নপূর্ণার ৩০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে, সে-সংক্রান্ত এখনও নির্দিষ্ট তারিখ নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়নি।
এক্ষেত্রে বলে রাখি, আগের মাসগুলোতে ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের তথ্য যাচাই করে অন্নপূর্ণার সুবিধা দেওয়া হয়েছে। নভেম্বর মাসে ১ কোটি ৬২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনা বাবদ ৩০০০ টাকা করে পেয়েছেন বলেই খবর। তবে সেপ্টেম্বর মাসের কিস্তি দেওয়া হয়েছিল ১৭ তারিখ থেকে। অনুমান করা হচ্ছে, এই মাসের ১০ তারিখের পর থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। তবে যাঁদের আবেদন বর্তমানে যাচাই সংক্রান্ত সমস্যার কারণে আটকে রয়েছে, তাঁদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এখনও বহু মহিলার আবেদন আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে এবং অনেকেই এখনও প্রথম কিস্তির টাকা পাননি। প্রশাসনিক স্তর থেকে চলছে জোরকদমে যাচাই। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক বা অন্য কোনও সমস্যার কারণে আটকে যেতে পারে পেমেন্ট। সেক্ষেত্রে অবিলম্বে ব্যাংকে গিয়ে যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ। কারণ, রাজ্য সরকার আগেই জানিয়েছিল, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ডিবিটি লিংক বাধ্যতামূলক।
আরও পড়ুন: “মানুষ আমাকে ছাড়তে চায় না” অবসর নিয়ে অবস্থান বদল হুমায়ুনের
এদিকে যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেননি, তাঁদের জন্য রয়েছে সুখবর। নভেম্বর এবং ডিসেম্বর মাসজুড়ে ফের ৩ দিনের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ প্রকাশ করা হয়নি। তবে শিবির চালু হলে সেখান থেকেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতাসহ একাধিক প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।










