৫০ বছরের ট্রেন টেক্কা দিল বন্দে ভারতকে! লেটে ছেড়েও গন্তব্যে পৌঁছল ২ ঘণ্টা আগে

Published:

Vaigai Superfast Express

অনন্যা সরকার, চেন্নাই: কথায় বলে, বুড়ো হাড়ে ভেলকি দেখানো! ভারতীয় রেলের একটি যাত্রীবাহী ট্রেন এই কথাটিই প্রমাণ করে দেখালো। ৪৯ বছরের পুরনো ‘ভাইগাই সুপারফাস্ট এক্সপ্রেস’ (Vaigai Superfast Express) সম্প্রতি চেন্নাই থেকে মাদুরাই পৌঁছানোর সময় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছে সবার নজর কেড়েছে। সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, ২৪ অক্টোবর ট্রেনটি ৫ ঘণ্টা ৩৫ মিনিটে তার যাত্রা সম্পন্ন করেছে, যা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর ভ্রমণের সময়ের সমান। ভাইগাই হয়তো ভবিষ্যতে ‘বন্দে ভারত’-কে পেছনে ফেলে দিতে পারে বলে জল্পনা  শুরু হয়েছে।

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ইতিহাস গড়ল ঐতিহাসিক ভাইগাই এক্সপ্রেস

গত ২৪ অক্টোবর চেন্নাই এগমোর স্টেশন থেকে ট্রেনটি ১০ মিনিট দেরিতে ছাড়ে। এরপর আবার কোদামবক্কমের কাছে রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আরও ২০ মিনিট দেরি হয়। তা সত্ত্বেও, যাত্রাপথের বেশিরভাগ অংশে ভাইগাই ঘণ্টায় ১১০ কিলোমিটার গতি বজায় রাখে। ভিলুপুরাম স্টেশনে ট্রেনের ক্রু বদলায় ও মাদুরাই ডিভিশনের কর্মীরা দায়িত্ব গ্রহণ করেন। মাদুরাইয়ের কাছাকাছি এলাকায় নির্মাণকাজ চলায় ট্রেনটির গতি কিছুটা কমাতে হয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চালু  হওয়া চেন্নাই এগমোর–তিরুনেলভেলী বন্দে ভারত এক্সপ্রেসও মাদুরাইয়ে থামে। চেন্নাই থেকে মাদুরাই পর্যন্ত পথ পাড়ি দিতে এই ট্রেনটির সময় লাগে প্রায় ৫ ঘণ্টা ৩৫ মিনিট।

উল্লেখ্য, ঐতিহাসিক ভাইগাই নদীর নামে নামাঙ্কিত এই ট্রেনটি পরিচালনা করে দক্ষিণ রেলওয়ে (Southern Railway)। ১৯৭৭ সালের ১৫ আগস্ট মাদুরাই ও চেন্নাইয়ের মধ্যে ইন্টারসিটি ডে ট্রেন হিসেবে এর যাত্রা শুরু হয়। প্রায়শই ‘কিং অফ সাউদার্ন রেলওয়ে’ হিসেবে অভিহিত ভাইগাই এক্সপ্রেস দক্ষিণ ভারতে দ্রুতগতির রেলযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করেছে। 

আরও পড়ুন: ত্রিপুরায় BSF জওয়ানদের বন্দুক ছিনিয়ে ব্যাপক মারধর, কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

এছাড়াও, ভাইগাই সুপারফাস্ট এক্সপ্রেস ভারতের প্রথম মিটার-গেজ ট্রেন, যা ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলার সক্ষমতা রাখত এবং এতে একটি প্যান্ট্রি কারও ছিল। এরপর ১৯৯৪ সালে, মিটার-গেজ পরিষেবায় দেশের প্রথম ৪২ আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত কোচও (AC Coach) এই ট্রেনে যুক্ত করা হয়েছিল। 

এই ট্রেনের ইঞ্জিন সম্পর্কে বললে, শুরুর দিকে ট্রেনটি ওয়াইডিএম-৪এ (YDM-4A) ডিজেল লোকোমোটিভ দ্বারা পরিচালিত হতো। ১৯৯৫ সালে চেন্নাই–ভিলুপুরাম অংশে কিছু সময়ের জন্য এই ট্রেনে ওয়াইএএম-১ (YAM-1) এসি ইলেকট্রিক লোকোমোটিভ ব্যবহার করা হয়েছিল।  ১৯৯৯ সালে ব্রড গেজে রূপান্তর ও পরবর্তীকালে পুরো রুটে বৈদ্যুতিকীকরণ সম্পন্ন হওয়ার পর, এই ট্রেনটি পরিচালন ডাব্লিউএপি-৪ (WAP-4) এবং পরবর্তীতে ডাব্লিউএপি-৭ (WAP-7) বৈদ্যুতিক লোকোমোটিভ ব্যবহার শুরু হয়। ২০১৯ সালের ৩০ জুন আধুনিকীকরণের জন্য, ট্রেনটিতে অত্যাধুনিক লিঙ্কে হফম্যান বুশ (LHB) কোচ যুক্ত করা হয়।

তবে এটি প্রথম নয়, এর আগেও ট্রেনটির লেট  মেকআপ করার নজির রয়েছে। ২০২২ সালের ৩ মার্চ, যান্ত্রিক ত্রুটির কারণে মাদুরাই থেকে ২১ মিনিট দেরিতে যাত্রা শুরু করা সত্ত্বেও, ভাইগাই এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা ৪০ মিনিট আগেই চেন্নাই পৌঁছে এক অভূতপূর্ব রেকর্ড গড়েছিল। সেই বছরই ১৫ অক্টোবর, মাত্র ৬ ঘণ্টা ৩৪ মিনিটে যাত্রা সম্পন্ন করে ট্রেনটি নিজের আগের রেকর্ড নিজেই ভেঙে ফেলে। প্রায় পাঁচ দশক ধরে পরিষেবা দেওয়ার পরও এই ঐতিহাসিক ট্রেনটি নতুন প্রজন্মের হাইটেক ট্রেনগুলির সাথে সমানতালে পাল্লা দিয়ে নিজের গরিমা অটুট রেখেছে।

google button