কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ থেকে দার্জিলিংয়ে রোপওয়ে, উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

suvendu-adhikari (1)

আনিষা চৌধুরী, কলকাতা: সরকার বদলের পর রাজ্যে একের পর এক উন্নয়নমূলক উদ্যোগের নজির তুলে ধরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার সেই তালিকায় রয়েছে উত্তরবঙ্গ (North Bengal)। পাহাড় থেকে তরাই-ডুয়ার্স, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, পর্যটন এবং খেলাধুলার উন্নয়নে একাধিক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়। বৈঠকের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রকল্পগুলির বিস্তারিত তথ্য সামনে আনেন।

কী কী পদক্ষেপ নিলেন রাজ্য সরকার?

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগগুলির অন্যতম লক্ষ্য। পাহাড়ে দীর্ঘদিনের যানজটের সমস্যা কমাতে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির কাজও এগোচ্ছে। রাজু বিস্তা জানিয়েছেন, আগামী বছর ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী এই মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি পাহাড় ও আশপাশের এলাকার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের জন্য যে যে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলি হল–

  • কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে: প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরি করা হবে। এর ফলে পাহাড়ের যানজট কমার পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের বিকল্প ব্যবস্থা তৈরি হবে।
  • কালিম্পং মেডিক্যাল কলেজ: আগামী ৯ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানিয়েছেন রাজু বিস্তা।
  • হাসপাতালের আধুনিকীকরণ: দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির হাসপাতালগুলির মেরামতি, সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে।
  • লেবং গ্রাউন্ড: দার্জিলিংয়ের ঐতিহাসিক লেবং গ্রাউন্ডকে আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হবে। খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় ক্রীড়া পরিকাঠামোও তৈরি করা হবে।
  • মহাকাল মন্দির: দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মন্দিরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • পর্যটন পরিকাঠামো: উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন এবং সরকারি পর্যটক আবাসগুলির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়াও উত্তরবঙ্গের যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজু বিস্তা আগের প্রশাসনিক বৈঠকগুলিতেও একাধিক প্রস্তাবের কথা জানিয়েছিলেন। তার মধ্যে রয়েছে কার্শিয়াংয়ের ডাউহিল থেকে দিলারাম এবং জামুনে থেকে পুলবাজার পর্যন্ত নতুন রাস্তা তৈরির পরিকল্পনা। দার্জিলিংয়ে সার্কুলার রোড চালু করা, বিকল্প জাতীয় সড়কের প্রস্তাব এবং পাহাড়ের বিভিন্ন এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছিল। ঘুম, লেবং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকে নতুন পার্কিংয়ের জায়গা তৈরির পাশাপাশি দার্জিলিং শহরের বর্তমান পার্কিংয়ের ধারণক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনার কথাও সামনে এসেছিল। জামুনেকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

আরও পড়ুন: নতুন করে MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা জারি, এবার আরও বিপাকে ইন্দ্রনীল সেন

উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে সরকারের এই সিদ্ধান্তগুলিকে উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তাঁর বক্তব্য, পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের প্রয়োজন এবং প্রত্যাশার কথা মাথায় রেখেই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং পর্যটনের প্রসারের মাধ্যমে উত্তরবঙ্গকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলাই এই উদ্যোগগুলির লক্ষ্য।

google button