প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে লণ্ডভণ্ড অবস্থা অন্ধ্রপ্রদেশে। মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু (Cyclone Murasu)। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছয়। যদিও এই ঝড়ের কারণে রাজ্যে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি কিন্তু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল। যদিও আগামীকাল (Weather Tomorrow), বুধবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গে (North Bengal) শুকনো আবহাওয়া থাকবে।
আজকের আবহাওয়া
আজ, মঙ্গলবার, সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল। তবে এইমুহুর্তে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় সামান্য ভ্যাপসা গরম অনুভূত হবে আগামী কয়েকদিন। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বুধবার সকাল থেকেই আংশিক মেঘ দেখা যাবে আকাশে তবে বেলা বাড়তেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াসহ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাতের দিকে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
আরও পড়ুন: এখন কিউআর কোড স্ক্যানেই চেনা যাবে আসল বাজি, পুজোর আগে বড় পদক্ষেপ লালবাজারের
কলকাতায় আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র প্রভাবে সোমবার সকাল থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা ছিল। তবে আগামীকাল বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে পারদ ধীরে ধীরে কমবে। অর্থাৎ, আবহাওয়ার উন্নতি হতে না হতেই বাংলাজুড়ে ধীরে ধীরে হালকা শীতের আমেজ ছড়িয়ে পড়বে। কালীপুজোর আগে মোটামুটি ঠান্ডা আমেজ দেখা যাবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল, বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে। আজ উত্তরবঙ্গের উপরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু নীচের দিকের জেলাগুলোতে আবহাওয়া শুকনো থাকবে। শুধু তাই নয়, তাপমাত্রার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন দেখা যাবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। এবং উঁচু পার্বত্য এলাকায় ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।










