এখন কিউআর কোড স্ক্যানেই চেনা যাবে আসল বাজি, পুজোর আগে বড় পদক্ষেপ লালবাজারের

Published:

Diwali 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: অবৈধ ও নিষিদ্ধ শব্দবাজি কিনে আর ঠকতে হবে না ক্রেতাদের, কারণ কালীপুজো ও দীপাবলির (Diwali 2026) আগেই এবার অবৈধ শব্দবাজি পাচার বন্ধ করতে কিউআর কোডের সাহায‌্য নিতে চলেছে পুলিশ (Kolkata Police QR Code)। প্রতি বছর কালী পুজো-দীপাবলির প্রাক্কালে বাজি বাজার নিয়ে নানারকম আলোচনা ও বিতর্ক শুরু হয়। অন্যদিকে আবার কিছু অসাধু ব্যক্তি সবুজ শব্দবাজির মোড়কে বিক্রি করে থাকেন অবৈধ ও নিষিদ্ধ শব্দবাজি (Illegal Firecrackers), আর তাতেই মহাবিপদে পড়তে হয় ক্রেতাদের। কিন্তু এবার সেই নিয়ে বড় পদক্ষেপ নিল পুলিশ।

অবৈধ বাজি রুখতে কিউআর কোড

প্রাপ্ত তথ্য অনুযায়ী বাজারে অবৈধ ও নিষিদ্ধ শব্দবাজি বিক্রি পুরোপুরি বন্ধ করতে এবার কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের পক্ষ থেকেই তৈরি করা হচ্ছে কিউআর কোড। যেটা স্ক‌্যান করলেই মোবাইল স্ক্রিনে ভেসে উঠবে ১৭০০টি বৈধ সবুজ বাজির নাম। এতে খুব সহজেই নকল সবুজ শব্দবাজি ধরা পড়ে যাবে। যেটা অসাধু ব্যবসায়ীদের বাজার বন্ধ করতে পুলিশকে অনেকটাই সাহায‌্য করবে। লালবাজারে পক্ষ থেকে জানানো হয়েছে এই একই কিউআর কোড শহরের প্রত্যেকটি বাজি বাজারের জায়গায় থাকবে যাতে কোথাও অবৈধ বাজি রমরমিয়ে না চলে।

নজরদারি চালাতে বড় পদক্ষেপ পুলিশের

অসাধু ব্যবসায়ীরা অবৈধ বাজিগুলি এমনভাবে প্যাক করে যে বোঝা দুষ্কর এটি বৈধ কিনা। এমনকি পুলিশও বুঝতে পারে না কি করা উচিত, তাই প্রাথমিকভাবে নজরদারি চালানোর জন্য এই কিউআর কোড নিয়ে আসা হয়েছে। তবে নজরদারি চালানোর সময় যদি কোনো কারণে কিউআর কোডে কোনরকম সমস্যা হয় তার জন্য টহলরত পুলিশকর্মী ও আধিকারিকদের হাতেও বৈধ সবুজ বাজির তালিকা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বাজারে অবৈধ বাজি বন্ধের পাশাপাশি সবুজ শব্দবাজি ও সবুজ আলোর বাজি ছাড়াও যাতে অন‌্য কোনও ধরনের বাজি ফাটানো না হয়, সেই ব‌্যাপারেও পুলিশ আলাদাভাবে সতর্ক করে চলেছে প্রতিনিয়ত।

আরও পড়ুন: তোলাবাজি নিয়ে ডেবরায় চরমে বিজেপির গোষ্ঠীকোন্দল, বিধায়ককে পেটালেন দলীয় কর্মীরাই

লালবাজারের তরফে প্রায় ৯০ হাজার পোস্টার ও লিফলেট প্রকাশ করেছে। ইতিমধ্যেই বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষার রঙিন পোস্টার ও লিফলেট দশটি ডিভিশনেই পাঠানো হয়েছে। যেখানে পরিষ্কার জানানো হয়েছে, চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেলে শব্দ উৎপাদনকারী সবুজ বাজি ফাটানো যাবে। এছাড়াও আলো উৎপাদনকারী সবুজ আতসবাজি ফাটানো যাবে সর্বাধিক ৯০ ডেসিবেলে। এবং দূরত্ব থাকবে চার মিটার। এখন দেখার পুলিশের এই পদক্ষেপ কতটা কার্যকর হয়।

google button