৪৭ বছরে প্রথমবার, গত ১২ মাসে অপারেশন চলাকালীন শহীদ হননি কোনও CRPF জওয়ান

Published:

CRPF Jawan

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এবার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল বা সিআরপিএফ (CRPF Jawan)। গত এক বছর ধরে কোনও অপারেশনাল ক্যাজুয়ালিটির রেকর্ড গড়েনি এই বাহিনী। অর্থাৎ কর্তব্যরত অবস্থায় গত এক বছর ধরে সিআরপিএফ-র কোনও জওয়ান শহীদ হননি। সূত্রের খবর, বাহিনীর শেষ অপারেশনাল মৃত্যু নথিভুক্ত হয়েছিল ২০২৫ সালের ৩০ অক্টোবর।

৪৭ বছর পর ঐতিহাসিক রেকর্ড

ভারতের অন্যতম প্রধান এই আধা সামরিক বাহিনীর ইতিহাসে দীর্ঘ ৪৭ বছর পর মিলল এই ধরনের সাফল্য। এর আগে ১৯৭৯ সালের জানুয়ারি মাসে এরকম একটি বছর পার করেছিল সিআরপিএফ, যেখানে কোনও জওয়ানকে অপারেশন চলাকালীন প্রাণ হারাতে হয়নি। ৪৭ বছর পর ফের এই রেকর্ড যে জওয়ানদের নিরাপত্তা এবং রণকৌশলের ক্ষেত্রে বিরাট অগ্রগতির প্রমাণ দিল তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞদের মতে, বিগত বেশ কয়েক বছর ধরে সিআরপিএফ জওয়ানদের আধুনিকীকরণ এবং সঠিক পরিকল্পনার ফলে এই অসাধ্য সাধন ঘটেছে। মূলত কয়েকটি বিষয় এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। প্রথমত, জওয়ানদের আত্মরক্ষার জন্য সাম্প্রতিক সময়ে অত্যাধুনিক এবং সমসাময়িক অস্ত্রশস্ত্র ও সুরক্ষামূলক গিয়ার প্রদান করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। দ্বিতীয়ত, শত্রুপক্ষকে মোকাবিলা করার জন্য জওয়ানদের যুদ্ধের আধুনিক রণকৌশল এবং উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৃতীয়ত, কোনও অপারেশনে কেউ আহত হলে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। ফলে সঠিক সময়ে চিকিৎসা পাওয়ার কারণে বহু জওয়ানের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

এদিকে এই কৃতিত্বের গুরুত্ব আরও বেড়েছে, কারণ বর্তমানে কোনও সিআরপিএফ জওয়ান বসে নেই। মাওবাদী কিংবা নকশাল অধ্যুষিত জঙ্গলমহল থেকে শুরু করে জম্মু-কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলগুলোতে তাঁরা দিনরাত অত্যন্ত সক্রিয়ভাবেই অপারেশন চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক সাফল্য অর্জন করছেন। এই প্রতিকূলতা কাটিয়ে তীব্র সংঘাতের মধ্যেও কোনও জওয়ানকে না হারানো যে বাহিনীর পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সবচেয়ে বড় উদাহরণ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: ওবিসি জটে বাদ পড়া প্রার্থীরা পাবে ইডব্লিউএস সংরক্ষণ? রিপোর্ট তলব হাইকোর্টের

এ বিষয়ে অসমের ডিজিপি জিপি সিং সামাজিক মাধ্যমে টুইট করে সিআরপিএফ জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। এমনকি সিআরপিএফ-র পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে সম্পূর্ণ শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে তাঁরা সবসময় প্রতিশ্রুতবদ্ধ। তাঁদের জীবনের সুরক্ষিত করার ক্ষেত্রে কেন্দ্র সরকারও সবসময়ই পাশে থাকার আশ্বাস দিয়েছে।

google button