বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কিছু ঘণ্টার মধ্যেই শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের একদিনের সিরিজ (India Vs New Zealand)। আর সেই আসরের আগেই ঘটে গেল বড় ঘটনা। ছিটকে গেলেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তথা কিউই তারকা ডেভন কনওয়ে। জানা যাচ্ছে, মঙ্গলবার দলের এক সতীর্থর সাথে সংঘর্ষের ঘটনায় মাঠ ছাড়তে বাধ্য হন এই খেলোয়াড়। তাতে একপ্রকার বিপাকে পড়ল নিউজিল্যান্ড দল। এদিকে আহত হয়েছেন নিউজিল্যান্ডের আরেক তারকা ক্রিকেটের ম্যাট হেনরি। যদিও তাঁর অবস্থা আপাতত স্বাভাবিক।
সিরিজ শুরুর আগেই ধাক্কা নিউজিল্যান্ডের!
মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামার আগে অনুশীলন চলছিল নিউজিল্যান্ডের। সেই সময় ডেভন কনওয়ে এবং ম্যাট হেনরি দুজনেই একটি ক্যাচ ধরতে ছুটে যান। তাতে সংঘর্ষের ঘটনা ঘটে দুই খেলোয়াড়ের মধ্যে। যার জেরে চোট পাওয়ায় দুই ক্রিকেটারকেই মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাও চলে তাঁদের। জানা যাচ্ছে, ডেভন কনওয়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তবে হেনরি আহত হলেও তিনি খেলতে পারবেন।
নিউজিল্যান্ড দলে খেলোয়াড় বাদ পড়ার ঘটনা এটাই প্রথম নয়, এর আগে গতকাল অর্থাৎ সোমবারও রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন জ্যাক ফকস, উইল ও’রোর্কও এবং বেন সিটস। তবে সূত্রের যা খবর, একের পর এক খেলোয়াড় বাদ পড়লেও ম্যাট হেনরি ভারতের বিপক্ষে খেলবেন! যদিও ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, একসাথে এতজন খেলোয়াড় বাদ পড়ায় কিছুটা হলেও চাপে পড়ে যেতে পারে কিউই দল।
আরও পড়ুন: ওমান উপকূলে ফের ভারতের জাহাজে হামলা, ১ ভারতীয় নাবিকের প্রাণ নিল অজ্ঞাত শত্রু
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ জয় করেছিল ভারত। তবে পরবর্তী দুই ম্যাচে টানা নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যার জেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে জাতীয় দল। এবার সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে একটানা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা।










