অনন্যা সরকার, কলকাতা: যেসব পেনশনভোগীরা (Pensioners) বর্তমানে তাঁদের লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া শুরু করেছেন, তাদের জন্য রয়েছে সুখবর। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) একটি নতুন সুবিধা চালু করেছে। একটি মোবাইল অ্যাপ্লিকেশন-ভিত্তিক পরিষেবার মাধ্যমে, যোগ্য পেনশনভোগীরা এখন আধার-ভিত্তিক প্রমাণীকরণ বা ‘অথেন্টিকেশনের’ সাহায্যে তাঁদের বার্ষিক লাইফ সার্টিফিকেট তৈরি ও জমা দিতে পারবেন। অর্থাৎ সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে হাজির হওয়া ও দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি আর পোহাতে হবে না প্রবীণ পেনশনারদের।
মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট
ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর আওতাভুক্ত পেনশনভোগীদের জন্য ‘ইউপিএস জীবন সেতু ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ (UPS Jeevan Setu Digital Life Certificate) পরিষেবাটি চালু করা হয়েছে। এবার প্রশ্ন হল, পেনশনভোগীরা কীভাবে এই পরিষেবা ব্যবহার করে তাঁদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি ও জমা দেবেন? খুবই সহজ পদ্ধতি, আসুন জেনে নেওয়া যাক।
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রথমে, স্মার্টফোনে ‘এনপিএস, ইউপিএস অ্যান্ড এপিওয়াই’ (NPS, UPS and APY) মোবাইল অ্যাপ্লিকেশনটি খুলতে হবে। অ্যাপের হোম স্ক্রিনে ‘ইউপিএস জীবন সেতু – ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ (UPS Jeevan Setu – Digital Life Certificate) অপশনটি নির্বাচন করতে হবে। এরপর পেনশনভোগীর পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর (PRAN) এবং জন্ম তারিখ (DOB) লিখতে হবে। তারপর তাঁর রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি ব্যবহার করে তথ্য যাচাই করতে হবে।
আরও পড়ুন: মিলবে ৬,৯০৮ টাকা, কর্মীদের অ্যাড হক বোনাস দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের
এরপর, আধার (Aadhaar) অপশনটি নির্বাচন করে পেনশনারের আধার নম্বরটি লিখতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য ‘কন্টিনিউ উইথ আধার’ (Continue with Aadhaar) অপশনে ক্লিক করতে হবে। এরপর, ফেস অথেন্টিকেশন (Face Authentication) বিকল্পটি বেছে নিয়ে উপভোক্তার মুখের ছবি তুলে পরিচয় যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
এই প্রমাণীকরণ প্রক্রিয়া সফল হলে, অ্যাপ্লিকেশনটি স্বয়ংক্রিয়ভাবেই পেনশনভোগীর ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করে দেবে। স্ক্রিনে কনফার্মেশন মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে যে লাইফ সার্টিফিকেটটি সফলভাবে তৈরি হয়েছে। প্রক্রিয়া শেষে ‘ডান’ (Done) অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসতে হবে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হওয়ার পর, আধার অথেন্টিকেশনের মাধ্যমে সেটির বৈধতা যাচাই করা হবে। ইউপিএস-এর আওতাভুক্ত সমস্ত পেনশনভোগীকে প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের ডিজিটাল জীবন প্রমাণপত্র জমা দিতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে, মাসিক পেনশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।










