প্রীতি পোদ্দার, কলকাতা: অভাবের সংসারেও সততার নজির গড়লেন এক বয়স্ক ভ্যানচালক। ব্যাগ ভর্তি টাকা পেয়েও পুলিশের হাতে তুলে (Lost Money Found in Habra) দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে হাবড়ায় (Habra)। অভাবের সংসার থাকলেও বয়স্ক ভ্যানচালকের এমন সততার নজির সামনে আসতেই তাঁকে কুর্নিশ জানিয়েছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার মানুষজন।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত তথ্য অনুযায়ী গত রবিবার হাবড়ায় সকাল ১০টা নাগাদ গোবিন্দ দাস নামের এক বয়স্ক ব্যক্তি নিত্যদিনের মতোই ব্যান নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর ওই ভ্যানচালকের নজরে আসে তাঁর ভ্যানে একটি ব্যাগ পরে রয়েছে। আর সেই ব্যাগটি খুলে দেখতেই চক্ষু চড়কগাছ! ভিতরে রয়েছে গুচ্ছ গুচ্ছ টাকা। এই অবস্থায় তড়িঘড়ি বাড়ি এলে সব বিষয় জানালে বাড়ির বৌমারা তাঁকে সেই টাকা নিয়ে পুলিশের কাছে যাওয়ার কথা বলেন।
পুলিশের কাছে জমা দেওয়া হয় টাকা
আর্থিক অনটনের মধ্যে দিন কাটলেও এক মুহূর্তের জন্যও সেই টাকা নিজের করে নেওয়ার কথা ভাবেননি সেই ভ্যানচালক। এরপর পরেরদিন ছেলে ও বৌমার সঙ্গে ব্যাগটি নিয়ে হাবড়া থানায় যান এবং উদ্ধার হওয়া টাকা তাঁদের হাতে তুলে দেন। পুলিশ ওই টাকা ভালো করে গুণে নিয়ে নিজেদের কাছে রেখে দেন, যাতে ভবিষ্যতে কেউ যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে তাঁকে টাকাগুলি দিয়ে দেওয়া হবে। যদিও শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এখনও ওই টাকা কেউ নেয়নি।
আরও পড়ুন: অন্যের স্ত্রীর সঙ্গে স্কুটিতে ঘোরাঘুরি, ‘বউটা কার?’ প্রশ্ন করেই হাবড়ার তৃণমূল নেতাকে চড়
কী বলছেন বৌমা?
শ্বশুরের ভ্যানে ব্যাগ ভর্তি টাকা পাওয়ার এই ঘটনায় বৌমা জানান, “রবিবার সকালে বাবা এতগুলো টাকা পেয়েই বাড়ি ফিরে আসেন। সবটা তারপর আমরা জানতে পারি, কিন্তু বাড়িতে ওনার ছেলেরা ছিল না বলে তিনি থানায় যেতে পারেননি। ছেলেরা রাতে ফিরলে সবটা জানালে সকালে টাকাগুলি ফেরত দিতে আসি আমরা। আশা করি যার টাকা সে ফিরে পাবে। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি।” বর্তমান সময়ে যেখানে সামান্য অর্থের লোভে অনেকেই অসৎ পথে হাঁটতে পিছপা হন না, সেখানে হাবড়ার এই ভ্যানচালকের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।










