পাকিস্তানে ভারতের চেয়েও সস্তা সোনা! কত টাকা কম? দেখুন রেট

Published:

Gold Price

অনন্যা সরকার, কলকাতা: শুনলে অবাক হয়ে যেতে পারেন, তবে বিষয়টা একেবারেই সত্যি। ভারতের তুলনায় এই মুহূর্তে পাকিস্তানে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনা (Gold Price) অনেকটাই সস্তা। ভারতের বুলিয়ন বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৪১,০৬২ টাকা (৪ নভেম্বর)। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম ১,২৯,২১৩ টাকা। অন্যদিকে, পাকিস্তানে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১,২১,৬৫৪ টাকা এবং ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ভারতীয় মুদ্রায় ১,১১,৫১৬ টাকা। অর্থাৎ, পাকিস্তানে ২৪-ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১৯,৪০৮ টাকা এবং ২২-ক্যারেট সোনার দাম ১৭,৬৯৭ টাকা কম।

ভারতের তুলনায় পাকিস্তানে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কম কেন?

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, যদিও আন্তর্জাতিক বাজারদর সোনার দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে, তবে আমদানির খরচ, স্থানীয় মুদ্রার মান, কর, শুল্ক ও চাহিদার মতো বিভিন্ন বিষয়ের কারণে দেশভেদে সোনার দামে হেরফের হয়। ভারতে গয়না কেনার সময় গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জ এবং ৩ শতাংশ পণ্য ও পরিষেবা কর (GST) দিতে হয়। এ দেশে সোনা কেনার আগে www.ibja.co ওয়েবসাইট থেকে বিভিন্ন মানের সোনার বর্তমান দাম দেখে নিয়ে কেনা ভালো। তবে মনে রাখবেন, আইবিজেএ (IBJA)-এর তালিকায় গয়না তৈরির মজুরি বা ৩ শতাংশ জিএসটি অন্তর্ভুক্ত থাকে না, তাই গয়নার দোকান থেকে পাওয়া চূড়ান্ত বিলের পরিমাণ ভিন্ন হতে পারে।

জানিয়ে রাখি, ২৪ ক্যারেট সোনা প্রায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ হয় এবং এটি মূলত কয়েন বা বার আকারে বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অন্যদিকে, ২২ ক্যারেট সোনাতে প্রায় ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। মজবুত করার জন্য সোনায় অন্যান্য ধাতু মেশানো হয়, যার ফলে গয়না তৈরির ক্ষেত্রে এটিই সবচেয়ে পছন্দের উপাদান হয়ে ওঠে। নির্দিষ্ট ব্র্যান্ডের বার, কয়েন বা অলংকারের ক্ষেত্রে সাধারণ বাজারমূল্যের চেয়ে দাম বেশি হতে পারে। ব্র্যান্ডিং, প্যাকেজিং ও অন্যান্য আনুষঙ্গিক খরচের কারণেই এই বাড়তি মূল্য যুক্ত হয়।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হতেই ৬ হাজার কোটি ডলার হারালেন ইলন মাস্ক

সাধারণত সোনার গয়না, বার, কয়েনের ওপর ৩% জিএসটি (GST) প্রযোজ্য। গয়নার ক্ষেত্রে, মোট লেনদেনের ওপর এই কর ধার্য করা হয়, যার মধ্যে গয়না তৈরির মজুরিও (making charges) অন্তর্ভুক্ত থাকে। উদাহরণস্বরূপ, ১০ গ্রাম সোনার দাম ১,৪০,০০০ টাকা হলে, তার সঙ্গে ১৪,০০০ টাকা মজুরি এবং ৫,০০০ টাকা অপচয় বা ওয়েস্টেজ চার্জ (wastage charge) যোগ হতে পারে। এতে করের আগে মোট মূল্য দাঁড়ায় ১,৫৯,০০০ টাকা। এর সঙ্গে ৩% জিএসটি (৪,৭৭০ টাকা) যোগ করলে চূড়ান্ত মূল্য হয় ১,৬৩,৭৭০ টাকা, অর্থাৎ প্রায় ১.৬৪ লক্ষ টাকা।

google button