দ্বিতীয় প্রচেষ্টায় NEET ক্র্যাক, ডাক্তার হবেন মালদার দুই যমজ ভাই জয় ও দীপ দাস

Published:

NEET UG Success Story of Malda Twins

অনন্যা সরকার, মালদহ: একসাথে হাত ধরাধরি করে বড় হয়ে উঠেছে তারা। খেলাধুলা থেকে পড়াশোনা সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী। ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছিলেন একসাথে। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রারিয়াল গ্রামের দুই যমজ ভাই – দীপ দাস ও জয় দাস এবছর নিট (NEET UG 2026) পরীক্ষায় একইসাথে সফল হয়েছেন (NEET UG Success Story of Malda Twins Deep and Joy Das) । তাঁদের এই সাফল্যে আনন্দিত তাঁদের পরিবার, আত্মীয়স্বজন থেকে গ্রামবাসীরা। একসঙ্গে বেড়ে ওঠা এই দুই ভাই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস (MBBS) পড়ার সুযোগ অর্জন করেছেন। দীপ ও জয় এখন তাঁদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছেন।  

নিট পরীক্ষায় অসাধারণ সাফল্য দুই ভাইয়ের

দীপ ও জয়ের বাবা প্রকাশ কুমার দাস একজন ছোট ব্যবসায়ী এবং মা চঞ্চলা দাস রারিয়াল প্রাথমিক বিদ্যালয়ে প্যারা-টিচার হিসেবে কাজ করেন। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও, ছেলেদের স্বপ্ন পূরণে কোনো খামতি রাখেননি তাঁরা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি দুই ভাইয়েরই ছিল গভীর আগ্রহ। 

দীপ ও জয় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করে তাঁদের স্কুলশিক্ষা সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিক পরীক্ষায় দীপ ৮২ শতাংশ এবং জয় ৮৬ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর নিট পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁরা রাজস্থানের কোটায় যান। যদিও প্রথমবার কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি, তবে দমে যায়নি তাঁরা। বরং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে দ্বিতীয় প্রচেষ্টায় একইসাথে দুজনে সফল হয়েছেন।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই আবেদন, রেলে ফের ২৮৬১ শূন্যপদে নিয়োগ

২০২৬ সালের নিট পরীক্ষায় দীপ সর্বভারতীয় মেধা তালিকায় ৪৬,৯০০তম র‍্যাঙ্ক এবং তফশিলি জাতি (SC) বিভাগে সারা ভারতের মধ্যে ১,৩৫২তম স্থান অর্জন করেছেন। অন্যদিকে, জয় সর্বভারতীয় স্তরে ৪৭,৮০৪তম এবং এসসি বিভাগে ১,৪০৩তম স্থান পেয়েছেন। তাঁদের বাবা প্রকাশ কুমার দাস জানান, ছেলেরা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী এবং অত্যন্ত মেধাবী। তাই প্রথমবার ব্যর্থ হওয়ার পরেও তাঁরা হতাশ হননি, বরং আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই দ্বিতীয় প্রচেষ্টাতেই তাঁরা মেডিকেল পড়ার এই সুযোগ অর্জন করে নিয়েছেন। দীপ ও জয়ের এই সাফল্যে পরিবারের সকলে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

তবে শুধু পড়াশোনা নয়, দুই ভাই ক্রিকেট খেলার প্রতিও বেশ আগ্রহী। অবসর সময়ে তাঁরা একসঙ্গে ক্রিকেট খেলেন। তবে বর্তমানে তাঁদের মূল লক্ষ্য ভালোভাবে শিক্ষা অর্জন। দীপ ভবিষ্যতে রেডিওলজিস্ট হতে চান, আর জয় মাস্টার অফ সার্জারি (MS) ডিগ্রি অর্জন করে একজন দক্ষ শল্যচিকিৎসক হবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছেন।  

পেশাগত আকাঙ্ক্ষাই শুধু নয়, মালদহের দুই ভাই মানবসেবা করতেও বিশেষভাবে আগ্রহী। দুজনেই ভবিষ্যতে দরিদ্র ও অভাবী মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করার ইচ্ছা রাখেন। তাঁদের এই সাফল্যে রারিয়াল গ্রামে দেখা যায় উৎসবের আমেজ। পাড়া-প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন – সবাই শুভেচ্ছা জানান দুই ভাইকে। গ্রামবাসীদের আশা, আগামী দিনে দীপ ও জয় কেবল তাঁদের পরিবারের জন্যই নয়, পুরো মালদা জেলার জন্যই গর্বের কারণ হয়ে উঠবেন।

google button