মাইক্রোওয়েভের ভেতরের জেদি দাগ তুলতে হয়রানি? এই তিন সহজ উপায়েই হবে বাজিমাত

Published:

Microwave Oven Cleaning Hacks

অনন্যা সরকার, কলকাতা: সামনেই দীপাবলি, ভাইফোঁটা। উৎসবের মরশুমে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। তাই উৎসবের আগে ঘরের কোণা-কোণা পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখতে চান বেশিরভাগ গৃহস্থই। উৎসবের আগে ঘর পরিষ্কারের সময় অনেকেই রান্নাঘরের সিঙ্ক বা বাসনপত্রের দিকে নজর দিলেও, মাইক্রোওয়েভ (Microwave Oven) পরিষ্কার করার বিষয়টি প্রায়শই এড়িয়ে যান। অথচ নিয়মিত ব্যবহার করার ফলে এই যন্ত্রের ভিতরে তৈলাক্ত দাগ ও দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে কোনো কড়া রাসায়নিক ব্যবহার না করে খুব সহজেই এগুলো দূর করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক উপায়গুলি। 

পাতিলেবুর ব্যবহার

লেবু একটি খুবই কার্যকরী প্রাকৃতিক পরিষ্কারক,  যা তৈলাক্ত দাগ ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। লেবুর সাহায্যে মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করার জন্য প্রথমে মাইক্রোওয়েভে ব্যবহারযোগ্য একটি পাত্রে কিছুটা জল নিতে হবে, তাতে লেবুর রস চিপে দেওয়ার পর, লেবুর টুকরোগুলোও জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মাইক্রোওয়েভটি হাই পাওয়ারে প্রায় ৪ মিনিট চালান, অথবা যতক্ষণ না জল ফুটে বাষ্পে পুরো ভেতরটা ভরে যাচ্ছে, ততক্ষণ এটি চালিয়ে রাখুন।

তবে টাইমার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজা খুলবেন না, প্রায় ৫ মিনিট দরজা বন্ধ রাখুন। এতে বাষ্পের সাহায্যে জমে থাকা জেদি দাগ ও তেলের আস্তরণ নরম হয়ে আসবে। এরপর সাবধানে গরম পাত্রটি বের করে নিয়ে একটি ভেজা মাইক্রোফাইবারের কাপড় দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের দেয়াল, ওপরের অংশ ও টার্নটেবলটি মুছে ফেলতে হবে।

আরও পড়ুন: বাথরুমকে দুর্গন্ধমুক্ত করার সহজ ৮ ঘরোয়া উপায়

ভিনেগার দিয়ে পরিষ্কার করা

কঠিন দাগ এবং রান্নার ফলে জমে থাকা তেলচিটে আস্তরণ দূর করতে সাদা ভিনেগার খুবই কার্যকরী। পরিষ্কারের জন্য একটি কাচের পাত্রে সমপরিমাণ জল ও সাদা ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি উচ্চ তাপে প্রায় ৪ মিনিট মাইক্রোওয়েভে গরম করতে হবে। ভিনেগার মিশ্রিত বাষ্প মাইক্রোওয়েভের প্রতিটি কোণায় পৌঁছে গিয়ে ময়লা, খনিজ পদার্থের আস্তরণ ও তেলের দাগকে ওভেনের দেওয়াল থেকে আলগা করে দেয়। টাইমার শেষ হওয়ার পর দরজাটি প্রায় ৩ মিনিট বন্ধ রাখুন। এরপর একটি নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে ভেতরটা মুছে ফেলুন। এতে সহজেই দাগগুলো উঠে আসবে।

শুধু ভেজা কাপড় ব্যবহার করে

যদি হাতের কাছে লেবু বা ভিনেগার না থাকে, তবে একটি পরিষ্কার কিচেন টাওয়েল বা নরম কাপড়েও কাজ হতে পারে। এরজন্য কিচেন টাওয়ালটিকে ভালো করে ভিজিয়ে মাইক্রোওয়েভের টার্নটেবলের ওপর রাখতে হবে। তারপর যন্ত্রটি হাই পাওয়ারে ২ থেকে ৩ মিনিট চালান। কাপড়ের জল বাষ্পে পরিণত হয়ে জমে থাকা তেল ও ময়লাকে আলগা করে দেবে।

মাইক্রোওয়েভের টাইমার বন্ধ হওয়ার পর কাপড়টিকে আরও মিনিটখানেক ভেতরেই রেখে দিতে হবে। এরপর সেই গরম কাপড়টি দিয়ে মাইক্রোওয়েভের ভেতরের দেয়াল, দরজার সিল ও বাইরের হাতলটি মুছে নিতে হবে। এই তিনটি পদ্ধতির যেকোনো একটি ঠিকমতো অনুসরণ করলেই আপনার মাইক্রোওয়েভ ওভেনটি হয়ে উঠবে সতেজ, ঝকঝকে ও জীবাণুমুক্ত।

google button