চার দশকের সংগ্রাম, দেশি মাছ চাষের মাধ্যমে নীল বিপ্লব জাতীয় পুরস্কারজয়ী কৃষকের

Published:

Soibam Surchandra leads Manipur’s blue revolution

অনন্যা সরকার, মণিপুর: সৈবাম সুরচন্দ্র (Soibam Surchandra) মণিপুরের দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে এক অদ্বিতীয় ব্যক্তি। মণিপুরের জলজ সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মাছের সংরক্ষণ করে তিনি রাজ্যে এক ‘নীল বিপ্লব’ (Blue Revolution) গড়ে তুলেছেন। ইম্ফলের হিয়াংথাং-এ অবস্থিত তাঁর ১১ হেক্টর আয়তনের ‘পেংবা’ ফার্মটি (Pengba farm) কেবল একটি মৎস্য উৎপাদন কেন্দ্রই নয়, এটিকে বিপন্ন স্থানীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি সফল মডেল হিসেবে দেখা হয়। এখনও পর্যন্ত এই ফার্ম থেকে ৩৫,০০০ কিলোগ্রাম দেশীয় মাছ উৎপাদিত হয়েছে।

বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের সংরক্ষণ

১৯৮১ সালে সৈবাম সুরচন্দ্রের বাবা, সৈবাম টম্বা হিয়াংথাং-এ প্রায় দুই হেক্টর জমিতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। সেই সময়ে স্কুলছাত্র সুরচন্দ্র বুঝতে পেরেছিলেন যে, হ্রদ ও নদীতে সমৃদ্ধ মণিপুরের ভূ-প্রকৃতিতে বৈজ্ঞানিক মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন’ (ICAR-CIFE) থেকে মৎস্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জনের পর, তিনি ১৯৯৬ সালে নিজের জন্মস্থানে ফিরে আসেন এবং আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে পারিবারিক ব্যবসাটিকে সম্প্রসারিত করেন।

উল্লেখ্য, পেংবা (Osteobrama belangeri) হলো মণিপুরের একটি স্থানীয় মিষ্টি জলের জলের মাছ, যা রাজ্যের ‘নিঙ্গোল চাকৌবা’-র মতো উৎসবে বিশেষ গুরুত্ব বহন করা। কিন্তু প্রাকৃতিক জলাশয়ে এদের সংখ্যা কমে যাওয়ায় প্রজাতিটি বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল। ১৯৮৪-৮৫ সালের দিকে সুরচন্দ্র লোকটাক হ্রদ থেকে জীবন্ত ‘পেংবা’ সংগ্রহ করেন এবং সেগুলোর প্রজনন ও লালন-পালন শুরু করেন। দীর্ঘ গবেষণার পর, ১৯৯৮ সালের দিকে তিনি কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে বাণিজ্যিকভাবে পেংবা মাছ উৎপাদনে সফল হন।

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই মিলবে আবহাওয়ার পূর্বাভাস, দ্বাদশ পড়ুয়া তৈরি করল বিশেষ স্যাটেলাইট রিসিভার

তাঁর ফিশ ফার্মে মাছের প্রজনন থেকে শুরু করে পোনা উৎপাদন, লালন-পালন ও পূর্ণবয়স্ক মাছ চাষের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা রয়েছে। পেংবা ও নাগাতন-এর পাশাপাশি এই খামারে রুই, কাতলা, মৃগেল এবং সিলভার কার্পের মতো সাধারণ  মাছও উৎপাদিত হয়। ২০১৪ সালে ‘ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড’-এর সহায়তায় একটি আধুনিক হ্যাচারি কমপ্লেক্স প্রতিষ্ঠার ফলে ডিম, রেণু পোনা এবং আঙুল আকারের পোনা (ফিঙ্গারলিং) উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

মণিপুরের বাইরেও এই ফার্ম থেকে আসাম, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে মাছ সরবরাহ করা হয়। পুকুর রক্ষণাবেক্ষণ, মাছ চাষ, পোনা উৎপাদন, পরিবহন ও বিক্রয় – এসব কার্যক্রমের জন্য স্থানীয় মানুষরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ২০০২ সালে সৈবাম সুরচন্দ্র জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে স্বর্ণপদক লাভ করেন, এছাড়া রাজ্য ও জাতীয় পর্যায়ে তিনি বিভিন্ন সময়ে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন।

সৈবাম সুরচন্দ্র ৫,০০০-এরও বেশি মৎস্যচাষিকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়েছেন। জলাশয় ব্যবস্থাপনা, মাছের প্রজনন, পুষ্টি এবং আধুনিক প্রযুক্তি বিষয়ক জ্ঞান প্রদানের মাধ্যমে তিনি মণিপুরের মৎস্য উৎপাদনকে এক নতুন পথে পরিচালিত করছেন। তাঁর অভিজ্ঞতা প্রমাণ করে যে, ঐতিহ্য ও বিজ্ঞানের সমন্বয়ে বিপন্ন প্রজাতিগুলোকে রক্ষা করার পাশাপাশি মানুষের সমৃদ্ধি সাধন করাও সম্ভব।

google button