আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে বেকায়দায় রাজ্য সরকার

Published:

Supreme Court

সৌভিক মুখার্জী, কলকাতা: কাল বাংলায় প্রথম দফার নির্বাচন। তবে ভোটের ঠিক আগের দিনই আইপ্যাক মামলায় কড়া পর্যবেক্ষণ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি পি কে মিশ্র স্পষ্ট জানিয়ে দেন, এভাবে একজন মুখ্যমন্ত্রী তদন্তের মধ্যে জোর করে ঢুকে পড়লে গণতন্ত্রই প্রশ্নের মুখে পড়ে যায়। আজ অর্থাৎ বুধবার শীর্ষ আদালতে ছিল এই মামলার শুনানি।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে আইপ্যাকের অফিসে যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন, ঠিক সেই সময়ই সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, মুখ্যমন্ত্রীর উপস্থিতি তদন্ত প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সবথেকে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন সেখান থেকে একটি সবুজ ফাইল নিয়ে চলে আসেন।

আদালত কী বলল?

বুধবার শীর্ষ আদালতে শুনানির সময় রাজ্যের আইনজীবী মেনোকা গুরুস্বামী ইডি-র করা এই মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সওয়ালের সমর্থনে একাধিক পুরনো মামলার রেফারেন্স টেনে এনেছিলেন। তবে জবাবে বিচারপতি মিশ্র কড়া জবাব দেন, “আপনি অনেক মামলার উদাহরণ দিচ্ছেন। কিন্তু এরকম কোনও সময় বা পরিস্থিতিতে তদন্তকারী সংস্থার দফতরে মুখ্যমন্ত্রী ঢুকে পড়ছেন, এরকম প্রেক্ষাপট সেই মামলাগুলোতে ছিল না। এটা সম্পূর্ণ গণতন্ত্রের বহির্ভূত।” বিচারপতির মতে, এই মামলার বিচার করার সময় বাংলার বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রাখা জরুরী।

আরও পড়ুন: তাপপ্রবাহ কাটাতে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

এদিকে শুনানি চলাকালীন বিচারপতি মিশ্র আরও বেশ কয়েকটি মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের এমন কোনও পর্যবেক্ষণ দিতে বাধ্য করবেন না যা বড় বড় সংবাদ শিরোনামে উঠে আসবে। তখন আবার হয়তো বলবেন যে, নির্বাচন চলাকালীন এই সমস্ত মন্তব্যে জনমত প্রভাবিত হচ্ছে।” তবে আদালতের এই মন্তব্য থেকে স্পষ্ট যে, কেন্দ্রীয় তদন্তে রাজ্যের প্রশাসনিক প্রধানের হস্তক্ষেপ মোটেই হালকাভাবে নিচ্ছে না বিচার বিভাগ। যদিও বৃহস্পতিবারও এই মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে, এমনটাই জানিয়েছেন বিচারপতি।