তাপপ্রবাহ কাটাতে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই শুরু হতে চলেছে ২৬ এর প্রথম দফার বিধানসভা নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই রাজনীতির হাওয়া বেশ গরম। অন্যদিকে বৈশাখের তেতে পোড়া গরমে একেবারে কাবু হয়ে গিয়েছে রাজ্যবাসী। একদিকে যেমন বাড়ছে রোদের তেজ তেমনই তাল মিলিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে আগামীকাল প্রথম দফার ভোটে দক্ষিণ (South Bengal) এবং উত্তরবঙ্গে (North Bengal) কেমন থাকবে আবহাওয়া (Weather Tomorrow)? সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বৃষ্টি নিয়ে স্বস্তির খবর

বৈশাখের তপ্ত গরমে বেকায়দায় পড়ে গিয়েছে আট থেকে আশি। প্রখর রোদে বাইরে বেরোলেই যেন গা পুড়ে যাচ্ছে। তাইতো চিকিৎসকরা দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি পথচলতি মানুষদের জলের বোতল এবং ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর এসবের মাঝেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, সপ্তাহান্তে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে নাকি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, প্রথম দফার নির্বাচনের দিন ব্যাপক গরমের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই চড়া রোদ দেখা যাবে আর তার সঙ্গে থাকবে অস্বস্তিকর গরম। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ ছাড়াও, পানাগড় ও কলাইকুন্ডায় ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাপমাত্রা। অর্থাৎ বিভৎস গরমের মধ্যেই প্রথম দফার ভোট হবে। তবে সপ্তাহান্তে বদলাতে পারে পরিস্থিতি। হালকা বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে।

আরও পড়ুন: মুছে গিয়েছিল ৪% জনসংখ্যা, ১৮৭৬-র থেকেও বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে সুপার এল নিনো

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ গরমে নাজেহাল অবস্থা হলেও উত্তরবঙ্গে গরমের দাপট একদমই নেই, উল্টে রয়েছে মনোরম আবহাওয়া। অর্থাৎ প্রথম দফার ভোট উত্তরবঙ্গে বেশ শান্তিতে হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অনুমান করা হচ্ছে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপরের জেলাগুলিতে।