বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা (Economy) ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে দিন দিন। সেই পর্বে দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির (Indian Economy) উপর আস্থা প্রকাশ করছে বিভিন্ন বিদেশী শক্তিগুলি। কিছুদিন আগেই আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF তাদের রিপোর্টে স্পষ্ট করে জানিয়েছিল, অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক উন্নতি অব্যাহত থাকবে। এবার খোদ রাষ্ট্রসংঘ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করল।
অর্থনীতিতে বাকিদের গোল দেবে ভারত!
বর্তমান সময়ে দাঁড়িয়ে জাতিসংঘ মনে করে, ভারতের অর্থনীতি এবছর 6.4 শতাংশ হারে এবং 2027 সালে গিয়ে সেটা 6.6 শতাংশ হারে বৃদ্ধি পাবে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সোমবার তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, 2025 সালে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার অর্থনীতি 5.4 শতাংশ হারে বৃদ্ধি পাবে। যেখানে 2024 সালে এই বৃদ্ধির হার ছিল 5.2 শতাংশ।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার অর্থনৈতিক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে ভারতের অর্থনীতি। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভে অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক 2026 শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, 2025 সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ত্বরান্বিত হয়েছে 7.4 শতাংশে। বিশেষ করে গ্রামীন অর্থনীতির চাহিদা, পণ্য ও পরিষেবা কর এর হার হ্রাস পাওয়া এবং মার্কিন শুল্ক আরোপের আগে রপ্তানির গতি বৃদ্ধি পেয়েছিল। সেটাই ভারতের এই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করেছে।
অবশ্যই পড়ুন: IPL-র মাঝেই হঠাৎ কলকাতায় বাংলাদেশে ‘নিষিদ্ধ’ সাকিব আল হাসান, কী কাজ?
ওই রিপোর্টে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, 2026 সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 6.4 শতাংশ থাকলেও আগামী দিনে তা 6.6 শতাংশে গিয়ে ঠেকবে। একই সাথে ওই রিপোর্টে দেশের মুদ্রাস্ফীতি নিয়েও বড় দাবি জানানো হয়। বলা হয়, এ বছর অর্থাৎ 2026 সালে ভারতের মুদ্রাস্ফীতি 4.4 শতাংশ হলেও 2027 সালে পৌঁছে সেটি 4.3 শতাংশে নেমে আসবে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, আগামী দিনগুলিতে বাকি প্রতিদ্বন্দ্বী দেশগুলিকে অর্থনীতির দিক থেকে বলে বলে গোল দিতে পারে ভারত!










