সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্রমণপিপাসু ভারতীয়দের জন্য ইন্দোনেশিয়ার বালি (Bali) অত্যন্ত জনপ্রিয় এক গন্তব্য। তবে সম্প্রতি বালির এক রিসর্টে এক দল ভারতীয় পর্যটকদের (Indian Tourists) নিম্নমানের আচরণে নিন্দার ঝড় উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ভাইরাল হয়েছে ভিডিও (Viral Video)। হোটেলের ঘর থেকে তোয়ালে, হেয়ার ড্রায়ার, এমনকি রিমোট চুরির অভিযোগে ওই পর্যটকদের ব্যাগ খুলে তল্লাশি চালিয়েছিলেন হোটেল কর্মীরা। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা।
ঠিক কী ঘটেছিল?
আসলে ঘটনাটি ঘটে বালির পায়াঙান জেলার কেলুসা গ্রামের আসভারা রিসর্ট উবুদে। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওই ভারতীয় পর্যটকরা গত ১৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ওই রিসর্টে ছিলেন। তবে শুক্রবার যখন তারা চেক আউট করে বেরিয়ে যাচ্ছিলেন, তখন হোটেলের কর্মীদের সন্দেহ হয়। ঘর তল্লাশি করার সময় দেখা যায় যে বেশ কিছু জিনিসের গরমিল। এমতাবস্থায় রিসর্টের গেটে তাদেরকে আটকে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে—হোটেলের কর্মীরা ধৈর্যের সঙ্গেই পর্যটকদের সুটকেস খুলছেন আর ব্যাগ থেকে একের পর এক হোটেলের তোয়ালে, পোশাক, হেয়ার ড্রায়ার, রান্নার সরঞ্জাম, টিভির রিমোট রাখার বাক্স ইত্যাদি বেরিয়ে আসছে। এমনকি ভিডিওতে এক পর্যটককে বলতে শোনা যায় যে, “আমরা টাকা দিয়ে দিচ্ছি। আমাদেরকে যেতে দিন।” কিন্তু হোটেল কর্মী স্পষ্ট জানান, “এটি টাকার বিষয় না। এটা অত্যন্ত নিম্নমানের আচরণ।” আরও একজনকে বলতে শোনা যায়, “এরা ভারত থেকে এসেছে।” পাল্টা অন্য আরও একজন বলেন, “সব ভারতীয় এরকম হয় না।”
INDIAN TOURISTS DO NOT LEARN 🤦🏻🤦🏻
Indian tourists, who stayed at Ubud, Bali (Indonesia) were caught by hotel-staff stealing stuff from the hotel.
Why would you go to a foreign country and do such cheap act/crime??
This is embarrassing to watch as an Indian. pic.twitter.com/ETtxJArCgl
— Tarun Gautam (@TARUNspeakss) April 21, 2026
এদিকে জিয়ানিয়ার পুলিশ মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রিসর্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই পর্যটকদের ব্যাগে তল্লাশি চালানো হয়েছিল। আর সেখান থেকে হোটেলের একাধিক জিনিসপত্র উদ্ধার করা হয়। তবে পরে দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়। এমনকি পর্যটকরা ক্ষমা চান এবং জিনিসপত্র ফেরত দিয়ে দেন। রিসর্ট কর্তৃপক্ষ কোনও আইনি মামলা না করার সিদ্ধান্ত নেন এবং তাদেরকে ছেড়ে দেন।
আরও পড়ুন: বালিতে গিয়ে হোটেল থেকে তোয়ালে, হেয়ার ড্রায়ার চুরি! পাকড়াও ৪ ভারতীয় পর্যটক
তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতীয় নেটিজেনরা পর্যটকদের উপর একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। একজন লিখছেন, “বিদেশ ভ্রমণের টাকা রয়েছে। অথচ সামান্য তোয়ালে বা চামচ কেনার সামর্থ্য নেই। কী অদ্ভুত মানসিকতা। এরাই ভারতীয়দের অন্য দেশে গিয়ে বদনাম করে আসে। এদের মতো কিছু মানুষের জন্যই বিদেশের মাটিতে পুরো ভারতের নাম খারাপ হচ্ছে। এদের পাসপোর্ট বাতিল করে দেওয়া উচিত।”










