বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে বিশ্বের একাধিক দেশে। ইউরোপের দেশগুলিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে কম বেতন, আবাসন সংকট, শিক্ষায় বাজেটের ঘাটতির মতো বিষয়গুলি নিয়ে চলছে বিক্ষোভ। এর পাশাপাশি বিশ্বের বহু দেশের সরকারের ঋণের বিপুল বোঝা এবং সুদ পরিশোধের ব্যয় নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট দেশগুলির জনগণ। সেক্ষেত্রে যদি বিশ্বের সবচেয়ে সরকারি ঋণগ্রস্থ (Debt) দেশগুলির কথা বলা যায় সেক্ষেত্রে প্রথমে নাম আসবে আমেরিকার। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি সরকারি ঋণের নিরিখে প্রথম দশের তালিকায় রয়েছে ভারতও (India)।
ভারতের অবস্থান কততে?
আন্তর্জাতিক অর্থ ভান্ডারের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে আমেরিকার সরকারি ঋণের পরিমাণ 41.4 ট্রিলিয়ন ডলার। যা দেশটির মোট জিডিপির 127 শতাংশ। সরকারি ঋণের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিন। এই দেশটির সরকারি ঋণের পরিমাণ প্রায় 23 ট্রিলিয়ন ডলার। তালিকার তিন নম্বরে রয়েছে জাপান। জাপানের মোট সরকারি ঋণের পরিমাণ 9 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। যা এই দেশটির মোট জিডিপির 199 শতাংশ। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন বা যুক্তরাজ্য। দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় 4.4 ট্রিলিয়ন ডলার।
ব্রিটেনের পর সরকারি ঋণের নিরিখে তালিকার 5 নম্বরে নাম রয়েছে ফ্রান্সের। এই দেশের মোট সরকারি ঋণের পরিমাণ 4.2 ট্রিলিয়ন ডলার। এছাড়াও তালিকার 6 নম্বরে রয়েছে ইতালি (3.79 ট্রিলিয়ন ডলার), 7 নম্বরে জার্মানি (3.52 ট্রিলিয়ন ডলার) এবং 8 নম্বরে নাম রয়েছে ভারতের। দেশের সরকারি ঋণের পরিমাণ বর্তমানে 3.46 ট্রিলিয়ন ডলার। যা একাধিক প্রতিবেশী দেশের তুলনায় অনেকটাই বেশি। ভারতের পর এই তালিকার নবম এবং দশম স্থানে নাম রয়েছে কানাডা এবং ব্রাজিলের।
পাঁচ বছরে বেড়েছে দেশের সরকারি ঋণের পরিমাণ
বিগত পাঁচ বছরে ভারতে সরকারি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, 2020-21 আর্থিক বছর থেকে 2025-26 আর্থিক বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের মোট ঋণ এবং দায় বেড়েছে 79.31 লক্ষ কোটি টাকা। বলে রাখা প্রয়োজন, 2020-21 আর্থিক বছরে ভারতের সরকারি ঋণের পরিমাণ ছিল 121.86 লক্ষ কোটি টাকারও বেশি। যেই পরিমাণটা 2025-26 আর্থিক বছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 186 লক্ষ কোটি টাকায়। অর্থাৎ বিগত পাঁচ বছরে ভারতের প্রায় 80 লক্ষ কোটি টাকার সরকারি ঋণ বেড়েছে।
আরও পড়ুন: ৪ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক, ফিরেই মুখ খুললেন ভুবনেশ্বর কুমার
বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থা কেমন?
IMF এর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সরকারি ঋণ নেওয়া দেশগুলির প্রথম 30 এর তালিকায় নাম নেই পাকিস্তান, বাংলাদেশের। দুই দেশের আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়া সত্বেও প্রথম সারিতে নেই তারা। এর সবচেয়ে বড় কারণ ভারতের অর্থনীতির তুলনায় যেহেতু এই দুই দেশের অর্থনীতি অনেক কম, জনসংখ্যাও কম বলে স্বাভাবিকভাবেই সরকারি ঋণের পরিমাণও কম। বৈশ্বিক ঋণের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 45 নম্বরে।










