ডিসেম্বরে বিয়ে করছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝেই মুখ খুললেন বাম নেত্রী

Published:

Dipsita Dhar

আনিষা চৌধুরী, কলকাতা: বামনেত্রী দীপ্সিতা (Dipsita Dhar) ধরের বিয়ে (Marriage)? শোনা যাচ্ছে, আসন্ন ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এমনকি কেরলের এক পাত্রের সঙ্গে তাঁর বিয়ের দিনক্ষণও নাকি পাকা হয়ে গিয়েছে। তবে এই খবরের সত্যতা কতটা? বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া এই আলোচনার মাঝেই মুখ খুলেছেন দীপ্সিতা নিজে। কী বলছেন বামনেত্রী?

“আমি এখানে এসে জানতে পারছি আমার বিয়ে…”

রাজনৈতিক মহলে পরিচিত মুখ দীপ্সিতা ধর। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বামপন্থী রাজনীতিতে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামতের কারণে অল্প বয়সেই নজর কেড়েছেন এই যুবনেত্রী। আশুতোষ কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমফিল এবং পিএইচডি করেন দীপ্সিতা।

ডিসেম্বরে বিয়ের জল্পনা প্রসঙ্গে দীপ্সিতা বলেন, “যাঁরা এটা জেনেছে, যদি আমাকেও জানিয়ে দেন কোথায় হবে, কার সঙ্গে হবে, তাহলে আমিও বাধিত থাকব। আমি যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছি, তিনিও এটা জানেন না। মানে ডিসেম্বরে যে আমি তাঁর সঙ্গে বিয়ে করব, এটা তিনিও জানেন না।” অর্থাৎ, তাঁর কথাতেই স্পষ্ট, ডিসেম্বর মাসে বিয়ে করার কোনও সিদ্ধান্তের কথা তিনি স্বীকার করেননি। বরং এই খবর নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

কেরলের পাত্রের প্রসঙ্গেও একই সুরে জবাব দিয়েছেন বামনেত্রী। দীপ্সিতার কথায়, “কেরলের যদি এমন কেউ থেকেও থাকে, তিনিও জানেন না তিনি আমার পাত্র। আমিও আজ এখানে এসে এক্সক্লুসিভলি এসব জানতে পারছি। ডিসেম্বরে কেন? সাম্প্রতিক সময়ে আমার বিয়ে করার কোনও সম্ভাবনাই নেই।” অর্থাৎ, কেরলের কোনও ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ের খবরও তিনি নিশ্চিত করেননি। পাশাপাশি, অদূর ভবিষ্যতে বিয়ের কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন।

বিয়ে নিয়ে নিজের ভাবনার কথাও খোলাখুলি জানিয়েছেন দীপ্সিতা। তাঁর বক্তব্য, “বিয়ে একটি মিউচুয়াল ডিসিশন। যে মানুষটিকে আমি বিয়ে করতে চাই, আমাদের দু’জনের একইসঙ্গে এই ডিসিশনটা নিতে হবে। তবে এই মুহূর্তে আমাদের বিয়ের পরিকল্পনা নেই। আপাতত আমাদের দু’জনেরই ব্যক্তিগত জীবন, কেরিয়ার এসব নিয়ে সেটেলড হতে হবে। আমরা দু’জনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫ বছর, ১০ বছর কীভাবে কাটাব। সেটা যদি হয়ে যায়, যদি কোথাও দু’জনে একটা জায়গায় তালমিলে আসতে পারে তাহলে নিশ্চয়ই বিয়ের পরিকল্পনা করব।”

আরও পড়ুন: ১০০% আটার তৈরি রুটি বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, ব্রিটানিয়াকে কড়া শাস্তি

সব মিলিয়ে, বিয়ের জল্পনার মাঝেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন দীপ্সিতা ধর। তিনি যে প্রেম করছেন সেটা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি। তবে ডিসেম্বর মাসে বিয়ে কিংবা কেরলের পাত্রের সঙ্গে সম্পর্কের যে খবর ঘুরছে, সেই জল্পনায় জল ঢেলেছেন বামনেত্রী।

google button