অনন্যা সরকার, কলকাতা: যোগব্যায়াম (Yogasana) মানুষের জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে তুলতে সক্ষম। শরীরকে দীর্ঘকাল কর্মক্ষম ও তারুণ্যে পরিপূর্ণ রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, নিয়মিত যোগব্যায়াম ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে। উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য বাহ্যিক প্রসাধনী বা চিকিৎসার চেয়ে অভ্যন্তরীণ যত্ন অনেক বেশি কার্যকরী। আর এরজন্য নির্দিষ্ট কিছু যোগব্যায়ামও রয়েছে। আপনি যদি দীর্ঘ সময় ধরে ত্বককে তরুণ ও সজীব রাখতে চান, তাহলে কয়েকটি যোগাসনকে আপনার রোজকার রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে খুবই ভালো ফল পেতে পারেন।
তবে মনে রাখবেন, যোগব্যায়াম সরাসরি কোনো চর্মরোগের চিকিৎসা নয়। তবে, কিছু নির্দিষ্ট আসন শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, মুখের দিকে রক্ত সঞ্চালন বাড়ায়, ক্লান্তি ও মানসিক চাপ কমায় ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ফলে এগুলি ত্বকের বিভিন্ন সমস্যা কমিয়ে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে।
অধোমুখ শবাসন
অধোমুখ শবাসনে শরীরকে উল্টানো ‘V’ আকৃতিতে স্থাপন করা হয়। এই আসনটি পুরো শরীরকে প্রসারিত করে ও মাথা ও মুখের দিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এটির মাধ্যমে শরীরের জড়তা ও ক্লান্তি দূর হয় এবং মানসিক চাপও কমে। এই আসনটি করার জন্য প্রথমে হাতের তালু ও হাঁটু মাটিতে রাখুন, এরপর শ্বাস ছাড়ার সময় নিতম্বকে পেছনের দিকে ও ওপরের দিকে তুলে ধরুন। এই অবস্থানে কয়েক সেকেন্ড থাকুন, তারপর ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন। কাঁধ, কব্জি বা চোখের সমস্যা থাকলে এই আসনটি করার সময় সতর্ক থাকা উচিত।
উত্তানাসন
উত্তানাসন দাঁড়িয়ে শরীরের ওপরের অংশকে নীচের দিকে পুরোপুরি ভাঁজ করে করতে হয়। এই যোগাসনের নিয়মিত অনুশীলনে মাথার দিকে রক্ত সঞ্চালন উন্নত হয়, মানসিক চাপ ও ক্লান্তি দূর হয় এবং মুখে উজ্জ্বলতা ফিরে আসে। এই আসনটি করার জন্য, কাঁধ বরাবর দুই পা ফাঁক করে দাঁড়াতে হবে এবং শ্বাস ছাড়ার সময় কোমর থেকে সামনের দিকে ঝুঁকে যেতে হবে। প্রয়োজনে হাঁটু সামান্য বাঁকিয়ে নেওয়াও যায়। তবে, যদি পিঠে ব্যথা, মাথা ঘোরা, উচ্চ রক্তচাপ বা চোখের কোনো সমস্যা থাকে, তবে এই আসনটি করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।
আরও পড়ুন: দেওয়ালে খোলসযুক্ত পোকা? প্লাস্টার ব্যাগওয়ার্ম দূর করার সহজ উপায়গুলি জেনে নিন
বিপরীত করণী
যাঁরা খুব বেশি শারীরিক পরিশ্রম ছাড়াই শরীরকে সুস্থ রাখতে চান, তাঁদের জন্য বিপরীত করণী যোগাসনটি অত্যন্ত উপযোগী। এটি করার জন্য প্রথমে একটি দেয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ুন, এরপর পা দুটি সোজা করে দেয়ালের ওপর তুলে দিন ও হাত দুটি শরীরের পাশে রাখুন। এই আসনটি রক্ত সঞ্চালন বাড়ায়, শরীর থেকে বিষাক্ত উপাদান বা ‘টক্সিন’ দূর করে, পায়ের ক্লান্তি কমায় এবং ঘুম ভালো করতে সহায়তা করে। প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট এই আসনটি অনুশীলন করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে পারে। তবে কারও যদি গ্লুকোমা, হৃদরোগ বা পায়ে অতিরিক্ত ফোলাভাব থাকে, তবে এই আসন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
অনুলোম-বিলোম
অনুলোম-বিলোম হল একটি সহজ শ্বাস-প্রশ্বাসের যোগ ব্যায়াম, যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়, মনকে শান্ত রাখে ও ত্বকের ওপর অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এই আসন করার জন্য আরামদায়কভাবে বসে একটি নাসারন্ধ্র আঙুলের সাহায্যে বন্ধ করে অন্যটি দিয়ে শ্বাস নিন এবং তারপর বিপরীত নাসাপথ দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েক মিনিট করে প্রতিদিন করলে ভালো ফল মেলে। তবে শ্বাস আটকে রাখবেন না, সহজভাবে অনুশীলন করুন।
আরও পড়ুন: SIR বিতর্কের মাঝে বাংলা সহ ১৭ রাজ্যে SSR ঘোষণা কমিশনের, ফের বাদ যাবে নাম?
ভ্রামরী প্রাণায়াম
ভ্রামরী প্রাণায়ামে শ্বাস ছাড়ার সময় কণ্ঠ দিয়ে মৌমাছির গুঞ্জনের মতো একটি শব্দ তৈরি করতে হয়। এই অভ্যাসটি শরীরে কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, মনকে শান্ত রাখে, হরমোনের ভারসাম্য বজায় রাখে ও ত্বকে অক্সিজেনের সরবরাহ উন্নত করে। এটি করার জন্য, প্রথমে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন, তারপর শ্বাস ছাড়ার সময় দীর্ঘ ও অবিরাম গুঞ্জনধ্বনি করতে থাকুন। এটি পাঁচ থেকে সাতবার করা যেতে পারে।
যদিও যোগাসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, তবে প্রকৃত উজ্জ্বলতা পাওয়ার জন্য পর্যাপ্ত ঘুম, মানসিক চাপমুক্ত থাকা, সুষম আহার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা জরুরি। তাছাড়া, ত্বকে কোনো সমস্যা দেখা দিলে কেবল ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।










