অনন্যা সরকার, কলকাতা: এখন বাংলায় শরতের নীল আকাশে পেঁজা পেঁজা তুলোর মেলা, সাথে বইছে মৃদুমন্দ বাতাস। তবে, পুজোর আমেজ কাটলে আস্তে আস্তে আবহাওয়া শীতল হতে শুরু করবে। শীতের বার্তা বয়ে আনবে উত্তুরে হাওয়া। বাংলায় শীত পড়তে এখনও কিছু সময় বাকি থাকলও, দেশের অনেক প্রান্তে মানুষজন ইতিমধ্যেই শীতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। আলমারি থেকে বের হচ্ছে গরম জামাকাপড় এবং বিছানার স্টোরেজ থেকে কম্বল (Quilt) ও লেপও (Blanket) ধীরে ধীরে বের হচ্ছে। বেশ কিছুদিন রোদে দেওয়ার পরই সেগুলো ব্যবহারযোগ্য হবে।
তবে, দীর্ঘ সময় ধরে বদ্ধ জায়গায় রাখা লেপ ও কম্বল অনেকসময় স্যাঁতসেঁতে হয়ে যায় এবং এর থেকে অদ্ভুত গন্ধ বের হয়, যা সেগুলোকে সরাসরি গায়ে দেওয়ার জন্য অনুপযুক্ত করে তোলে। অন্যদিকে, লেপ কম্বল ধোয়া (Blanket Cleaning) একটি কঠিন কাজ হয়। তাই আপনি যদি কম্বল ও লেপ না ধুয়ে পরিষ্কার করতে চান, তবে কিছু সহজ সমাধান রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে লেপ ও কম্বল না ধুয়ে পরিষ্কার করা যায় এবং সেগুলোর গন্ধ দূর করার কিছু সহজ উপায়।
না কেচে লেপ ও কম্বল পরিষ্কারের ঘরোয়া উপায়
প্রথমেই আলমারি থেকে কম্বল ও লেপ বের করার পর সেগুলোর ওপর জমে থাকা ধুলোর আস্তরণ ভালোভাবে ঝেড়ে নিন। এরপর, পর্যাপ্ত বাতাস ও সূর্যালোক পাওয়ার জন্য সেগুলোকে বারান্দা বা ছাদে ভালো করে মেলে দিন। ভালোভাবে রোদ পাওয়ার পর, সেগুলোকে আর আলমারিতে তুলবেন না। কম্বল ও লেপগুলি এভাবে ঝেড়ে একটানা ৩ থেকে ৪ দিন রোদে রাখুন, যাতে দুর্গন্ধ ও ধুলো ভালোভাবে দূর হয়ে যায়।
আরও পড়ুন: ফেলবেন না পেঁয়াজের খোসা, এভাবে কাজে লাগালেই হবে হাজার হাজার টাকা সাশ্রয়
বেকিং সোডা: কম্বল ও লেপ থেকে যদি দুর্গন্ধ বের হয়, তবে এতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। দুর্গন্ধ দূর করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি। বেকিং সোডার সাথে পছন্দমতো এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর এটি লেপ ও কম্বলে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর, ভালোভাবে পরিষ্কার করার জন্য একটি ভ্যাকুয়াম ক্লিনার বা ব্রাশ ব্যবহার করুন। এটি সহজেই ধুলো ও দুর্গন্ধ উভয়ই দূর করবে।
ভিনেগার ও জলের স্প্রে: লেপ ও কম্বল থেকে দুর্গন্ধ দূর করার জন্য হোয়াইট ভিনেগার খুব কার্যকরী হতে পারে। একটি স্প্রে বোতলে সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মেশান। এই মিশ্রণটি লেপ ও কম্বলের ওপর হালকাভাবে স্প্রে করে দিন। তারপর কিছুক্ষণ খোলা হাওয়ায় শুকাতে দিন। এরপর একদিনের জন্য সূর্যের আলোতে রাখুন। ভিনেগারের মিশ্রণ ব্যাকটেরিয়া ও ছত্রাক মেরে ফেলবে এবং দুর্গন্ধ দূর করবে।










