অনন্যা সরকার, কলকাতা: ময়লা আটকে ওয়াশ বেসিনের (Wash Basin) আউটলেট বন্ধ হয়ে যাওয়া একটা সাধারণ সমস্যা। প্রায়ই চুল, সাবান, টুথপেস্ট বা অন্যান্য বর্জ্য জমে যাওয়ার কারণে জল ধীরে ধীরে নিষ্কাশিত হয়। এর ফলে বেসিনে দুর্গন্ধ হতে পারে ও দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও, ওয়াশ বেসিনটি নোংরা, অপরিচ্ছন্ন দেখায়। সবসময় হাতের কাছে রাসায়নিক ড্রেন ক্লিনার মজুত থাকে না। তখন পড়তে হয় সমস্যায়। এরকম পরিস্থিতিতে কিছু সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে। চলুন তাহলে এগুলি জেনে নেওয়া যাক।
ওয়াশ বেসিনকে ঝকঝকে করে তোলার ঘরোয়া পদ্ধতি
ওয়াশ বেসিন পরিষ্কার করার জন্য কোনো দামী রাসায়নিকের প্রয়োজন নেই। কয়েকটি সাধারণ ঘরোয়া জিনিস দিয়েই এটিকে ঝকঝকে করে তোলা যায়। প্রথমে, একটি লিকুইড ক্লিনার বা ডিশওয়াশিং লিকুইড দিয়ে বেসিনটি পরিষ্কার করতে হবে। তারপর, একটি স্ক্রাবারে সামান্য বেকিং সোডা বা সাদা টুথপেস্ট লাগিয়ে বেসিন ও ট্যাপটি আলতো করে ঘষতে হবে। এটি জমে থাকা দাগগুলো দূর করবে ও নতুনের মতো উজ্জ্বলতা ফিরিয়ে আনবে। ওয়াশবেসিনের ড্রেনের ঢাকনা বা জালে প্রায়ই চুল ও ময়লা আটকে যায়। এগুলো নিয়মিত পরিষ্কার না করলে জলের প্রবাহ আটকে যায়। তাই, সময়ে সময়ে জালটি খুলে ভালোভাবে পরিষ্কার করা দরকার।
ওয়াশবেসিনে ময়লা জমা প্রতিরোধ করতে চুল জমতে দেবেন না, অবশ্যই ড্রেনের মুখে ঢাকনা ব্যবহার করুন এবং সপ্তাহে একবার বেকিং সোডা ও সাদা ভিনেগার দিয়ে ওয়াশবেসিন পরিষ্কার করুন। এরপরও যদি তাও কোনো কারণে বেসিনের আউটলেট বন্ধ হয়ে যায়, তাহলে প্রথমে ওয়াশবেসিনে আটকে থাকা জল সরিয়ে ফেলুন। তারপর, ড্রেনে আধ বাটি বেকিং সোডা ঢালুন। তার ওপর দিয়ে দিন কিছুটা সাদা ভিনেগার।
আরও পড়ুন: আদিবাসী মেয়ে হবে ডাক্তার! NEET ক্র্যাক করে স্বপ্ন পূরণের পথে আলিপুরদুয়ারের কন্যা বাবলি
এই দুটি উপাদান মেশার সাথে সাথে ফেনা তৈরি হবে, যা পাইপে জমে থাকা ময়লা আলগা করতে সাহায্য করবে। এরপর, বেসিনটি কমপক্ষে ২ ঘন্টার জন্য এভাবেই রেখে দিন। সারারাতও রেখে দেওয়া যেতে পারে। এটি ড্রেনে জমা ময়লা, দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করবে। এরপর, বেসিনের ড্রেনে গরম জল ঢালুন। গরম জল পাইপে আটকে থাকা ময়লা পরিষ্কার করতে ও বন্ধ হয়ে যাওয়া ড্রেন খুলতে সাহায্য করে।










