ওয়াশিং মেশিনে জুতো পরিষ্কার করার সঠিক ও সহজ পদ্ধতি

Published:

Shoe Cleaning in Washing Machine

অনন্যা সরকার, কলকাতা: রাস্তার ধুলো-ময়লার সংস্পর্শে সব থেকে বেশি আসে জুতো (Shoe)। তাই এগুলো কিছু সময় অন্তর পরিষ্কার করা অত্যন্ত জরুরি। জুতো পরিষ্কার করার জন্য অনেকেই সাবান, টুথপেস্ট কিংবা ব্রাশ ব্যবহার করে থাকেন। তবে, বারবার ঘষাঘষি করলে জুতোর রঙ ফিকে হয়ে যেতে পারে বা এর কাপড়ের ক্ষতি হতে পারে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে জামাকাপড়ের মতো জুতোও কি ওয়াশিং মেশিনে ধোয়া যায়? উত্তর হলো হ্যাঁ, জুতো পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন উপযোগী। তবে সব ধরনের জুতো মেশিনে ধোয়া যায় না। যদি আপনার জুতো মেশিনে ধোয়ার জন্য উপযুক্ত হয়, তবে কয়েকটি সহজ টিপস অনুসরণ করে সহজেই এগুলো পরিষ্কার করে নিতে পারবেন। চলুন তাহলে ওয়াশিং মেশিনে জুতো ধোয়ার সঠিক পদ্ধতিটি জেনে নেওয়া যাক।

ওয়াশিং মেশিনে কীভাবে পরিষ্কার করবেন জুতো?

মেশিনে দেওয়ার আগে জুতোটি পরীক্ষা করে নিতে হবে। লেবেলে সাধারনত পরিষ্কার করার নির্দেশাবলী লেখা থাকে। ক্যানভাস, কাপড়, নাইলন ও পলিয়েস্টার দিয়ে তৈরি কিছু জুতো ওয়াশিং মেশিনে ধোয়া যায়। তবে, কখনই সোয়েড, চামড়া, নানা ধরনের কারুকাজ করা বা বিশেষ টেক্সচারের জুতো মেশিনে দেবেন না। জুতোর ফিতে ও ইনসোল খুলে আলাদা করে রাখতে হবে। 

এরপর একটি নরম ব্রাশ বা কাপড় দিয়ে জুতোর তলায় থাকা ধুলো ময়লা মুছে পরিষ্কার করতে হবে। তারপর, এগুলোকে একটি জালযুক্ত লন্ড্রি ব্যাগে রাখুন। যদি লন্ড্রি ব্যাগ না থাকে, তাহলে পুরোনো বালিশের কভার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও, ধোয়ার সময় জুতোর মেশিনের গায়ে ধাক্কা খাওয়ার শব্দ কমাতে ও ভেতরের ড্রামকে সুরক্ষিত রাখতে জুতোর সাথে মেশিনে কিছু পুরোনো তোয়ালে দিয়ে দিন। 

আরও পড়ুন: এবার বিশ্ববাজারে Jio, বড় প্রস্তুতি আম্বানির সংস্থার

ধোয়া হয়ে গেলে মেশিন থেকে জুতো বের করে শুকনো করার জন্য বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিন। জুতোর আকৃতি যথাযথ রাখতে ভেতরে পেপার টাওয়েল বা একটি পরিষ্কার কাপড় ভরে দিন। ওয়াশিং মেশিনের ড্রায়ারে উচ্চ তাপে বা সরাসরি সূর্যের আলোতে এগুলো শুকোতে না দেওয়াই ভালো। জুতো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ইনসোল ও ফিতে লাগাবেন। ভেজা অবস্থায় এগুলো লাগিয়ে দিলে জুতো ঠিকভাবে শুকাবে না। 

জুতো ধুতে কতক্ষণ সময় লাগে?

ওয়াশিং মেশিনে জুতো ধুতে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। তবে, এগুলো পুরোপুরি শুকাতে সারারাত বা তারও থেকেও বেশি সময় লাগতে পারে। খেয়াল রাখবেন, জুতোর লেবেলে যেন মেশিন-সেফ লেখা থাকে। ওয়াশিং মেশিনে ধোয়ার উপযোগী নয় এমন জুতো মেশিনে দিলে, তা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।

google button