বন্ধ হচ্ছে Paytm Payments Bank, অ্যাকাউন্টে টাকা থাকলে এখুনি করুন এই কাজ

Published:

Paytm app

অনন্যা সরকার, কলকাতা: ইউপিআই পেমেন্ট, মোবাইল রিচার্জ বা বিল দেওয়ার জন্য নির্ভর করেন পেটিএম (Paytm)-এর ওপর? তাহলে আপনাদের জন্য আরবিআই (RBI) দিল সুখবর। সম্প্রতি দিল্লি হাইকোর্ট আদেশ দিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংক (PPBL) বন্ধ করার, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। কিন্তু এর কোনো প্রভাব পেটিএম ইউপিআই অ্যাপে পড়বে না।  সাধারণ জনগণের  জন্য পেটিএমের বেশিরভাগ ডিজিটাল পরিষেবা আগের মতোই চালু থাকবে এবং নিয়মিত লেনদেন প্রক্রিয়াতেও কোনো বদল আসছে না। 

পেটিএম পেমেন্টস ব্যাংক বন্ধের প্রভাব পড়বে পেটিএম অ্যাপে?

গত কয়েক বছরে পেটিএম অ্যাপ এবং পেটিএম পেমেন্টস ব্যাংক তাদের কার্যক্রমকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেলেছে। সেই কারণে, পেমেন্টস ব্যাংক বন্ধের ফলে শুধুমাত্র ব্যাংকিং পরিষেবাগুলোতেই প্রভাব পড়বে। ইউপিআই, কিউআর কোড পেমেন্ট, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জের মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবাগুলি আগের মতোই চালু থাকবে। এছাড়া, পেটিএম সাউন্ডবক্স, পেমেন্ট গেটওয়ে, পেটিএম গোল্ড, পেটিএম মানি এবং কার্ড মেশিনের মতো পরিষেবাগুলিতেও এই সিদ্ধান্তের ফলে কোনো প্রভাব পড়বে না।

আরও পড়ুন: চলতি অর্থবর্ষে ৭০৮৬ কোটি টাকা জরিমানা করেছে ব্যাংকগুলি, আপনার ব্যালেন্স কাটেনি তো?

পেটিএম পেমেন্টস ফান্ড ব্যাংকে জমা থাকলে কী করবেন?

যদি এখনও আপনার ফান্ড পেটিএম পেমেন্টস ব্যাংকে জমা থাকে, তবে আতঙ্কিত হবেন না। কারণ গ্রাহকদের জমা করা অর্থ নিরাপদ থাকবে বলেও জানা গেছে। যদি কোনো গ্রাহক এখনও তাদের ফান্ড না পেয়ে থাকেন, তবে ব্যাংকের পদ্ধতি মেনেই তা ফেরত পাওয়া যাবে। এই সমস্ত গ্রাহকদের তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের রেকর্ড এবং কেওয়াইসি (KYC) সম্পর্কিত নথি নিজের কাছে রাখতে হবে। এছাড়া, লিকুইডেটর এবং আরবিআই (RBI)-এর জারি করা নির্দেশবলী এবং সময়সীমার ওপরও নজর রাখতে হবে। 

যে সমস্ত ইউজারদের ইউপিআই অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে, তাদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তবে যদিও কারও ইউপিআই এখনও পুরোনো বা নিষ্ক্রিয় পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে অবিলম্বে এটাকে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে। 

আরও পড়ুন: UPI অ্যাপে মোবাইল নম্বর গোপন করার নির্দেশ NPCI-র, কী সুবিধা হবে আপনার?

কেন বন্ধ হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক?

পেটিএম পেমেন্টস ব্যাংক বেশ কয়েক বছর ধরেই আরবিআই-এর নানান নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছিল। ২০২২ সালের মার্চ মাসে রিসার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকে নতুন গ্রাহক যুক্ত করতে নিষেধ করে। এরপর ২০২৪ সালে ব্যাংকটিকে নতুন ডিপোজিট এবং বিভিন্ন ব্যাংকিং পরিষেবা প্রদান করা থেকেও বিরত করা হয়। অবশেষে, চলতি বছরের এপ্রিল মাসে পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল হয়। বর্তমানে দিল্লি হাইকোর্ট আদেশ দিয়েছে ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে। এর প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। যতদিন এই প্রক্রিয়া চলবে অফিসিয়াল লিকুইডেটর ব্যাংকটির অ্যসেট ম্যানেজমেন্ট, দায় নিষ্পত্তি ও গ্রাহকদের দাবিগুলি নিষ্পত্তির কাজ করবেন।