সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পর কপাল খুলল রাজ্যের সরকারি কর্মীদের। এবার মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance) বাড়ল পরিবহন কর্মীদের। এক ধাক্কায় ৫ শতাংশ DA বৃদ্ধি করেছে রাজ্য সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে এবার থেকে মূল বেতনের পাশাপাশি ৫৫ শতাংশ হারে ডিএ প্রদান করা হবে সকলকে। এহেন সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ১৪,০০০ কর্মী। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
পরিবহন কর্মীদের DA বাড়ল ৫%
আসলে উত্তর প্রদেশ রাজ্য সড়ক পরিবহন নিগমের নিয়মিত কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে যোগী আদিত্যনাথ-এর সরকার। কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে এখন মূল বেতনের ৫৫ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। পরিবহন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অর্চনা আগরওয়াল-এর পক্ষ থেকে এই ৫ শতাংশ ডিএ বৃদ্ধির নির্দেশ জারি করা হয়েছে। নিগমের পূর্ণকালীন কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫ শতাংশ হারে ডিএ প্রদানের অনুমোদন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
বকেয়া মিলবে?
এই বৃদ্ধি এম্পাওয়ার্ড কমিটির অনুমোদন পাওয়ার পরই কার্যকর করা হয়েছে। তবে আপাতত এই বর্ধিত ডিএর জন্য কোনো বকেয়া (এরিয়ার) দেওয়া হবে না। এছাড়াও জানানো হয়েছে, ভবিষ্যতে ডিএ-র বাড়তি কিস্তি প্রদানের জন্য পরিবহণ নিগম প্রশাসনিক দফতরের মাধ্যমে বিষয়টি আবার এম্পাওয়ার্ড কমিটির সামনে উপস্থাপন করবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই বাড়তি ডিএর সম্পূর্ণ আর্থিক বোঝা উত্তর প্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগমকেই নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এর জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না।
এর পাশাপাশি সরকার এখন শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির হারও বৃদ্ধি করেছে। এই বিষয়ে ইতিমধ্যেই সরকারি নোটিফিকেশন জারি করা হয়েছে। মোরাদাবাদের উপ-শ্রমায়ুক্ত দীপ্তিমান ভট্ট জানিয়েছেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (ভেরিয়েবল ডিএ) সহ নির্ধারণ করা হয়েছে। কিছু শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মূল মজুরি নির্ধারণ করা হয়েছে ১২,২৪১ টাকা। এর সঙ্গে ৭৬৫ টাকা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা যোগ হবে। ফলে মোট ন্যূনতম মজুরি দাঁড়াচ্ছে ১৩,০০৮ টাকা।










