সহেলি মিত্র, কলকাতা: দার্জিলিং তো অনেক গেছেন নিশ্চয়ই? কিন্তু আপনি কি জানেন, এখানে লুকিয়ে রয়েছে এমন এক জিনিস যা জীবনে একবার হলেও আপনার দেখা উচিৎ। উত্তরবঙ্গ মানেই হল অফবিট জায়গার একটি খনি। এখানকার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে সব দুর্দান্ত জায়গা। আজকের এই আর্টিকেলে তেমনই একটি জায়গা নিয়ে আলোচনা করা হবে যেখানে আপনার অবশ্যই একবার হলেও যাওয়া উচিৎ। আজ কথা হবে দার্জিলিং-এর একদম অফবিট ‘ইন্দ্রাণী জলপ্রপাত’ (Indrani Waterfall) নিয়ে।
ঘুরে আসুন দার্জিলিং-এর ‘ইন্দ্রাণী জলপ্রপাত’ থেকে
দার্জিলিং জেলায় রয়েছে অসংখ্য অফবিট জায়গা। এতই জায়গা যে গুনে শেষ করা যায় না। তেমনি একটি অফবিট (Offbeat Darjeeling) জায়গা হল সোনাদা। এই সোনাদাতেই রয়েছে ছবির মতো সুন্দর ইন্দ্রাণী জলপ্রপাত। এই জলপ্রপাতে নামা কিন্তু খুব একটা সহজ নয়। অনেকটাই সিঁড়ি ভেঙে আপনাকে ইন্দ্রাণী জলপ্রপাতে যেতে হবে। বহু পর্যটক আছেন যারা এই জলপ্রপাতে স্নান করতে নামেন। এখানে রয়েছে কালেজ ভ্যালি।
আরও পড়ুনঃ জঙ্গলমহলের ‘ডুয়ার্স’, পুজোয় ঘুরে আসুন পাহাড়-বনে মোড়া এই জায়গা থেকে
এই সুন্দর ভ্যালিতে অসংখ্য নাম না জানা ফুল দেখতে পারবেন। ইন্দ্রাণী জলপ্রপাতটি রেইনবো জলপ্রপাত নামেও পরিচিত। মূল দার্জিলিং টাউন থেকে প্রায় ১৬ কিমি দূরে অবস্থিত এই জলপ্রপাতটি। এখানে আপনি দুইভাবে যেতে পারবেন, প্রথমটি গাড়িতে করে, দ্বিতীয়টি ট্রেক করে। আপনিও যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন তাহলে ট্রেকিং রুটটি আপনার মনে ধরবেই। সোনাদার আঁকাবাঁকা পথ ধরে প্রায় ৪৫ মিনিট ট্রেক করে আপনি এই সুন্দর জলপ্রপাতে পৌঁছে যেতে পারবেন।
কীভাবে যাবেন?
ইন্দ্রাণী জলপ্রপাতটি শিলিগুড়ি থেকে ৫০–৬০ কিমি দূরে অবস্থিত। একটি প্রাইভেট গাড়ি করে সোনাদা মঠ ও পেট্রোল পাম্প পেরিয়ে রোডের শেষ পর্যন্ত যেতে হবে। তারপর প্রায় ৩০–৪০ মিনিট ধরে একটি ঢালু কংক্রিটের পথ দিয়ে হেঁটে নেমে গেলেই পৌঁছে যাবেন ইন্দ্রাণী জলপ্রপাত।










