এ যেন মিনি ‘চিনের প্রাচীর’, সুন্দর সময় কাটাতে ঘুরে আসুন সিকিমের তারেভির

Published:

Tarey Bhir Sikkim

সহেলি মিত্র, কলকাতাঃ তপ্ত গরমে পুড়ছে সমগ্র বাংলা। কাহিল অবস্থা সকলের। সকলেরই কমবেশি এখন মনে হচ্ছে, একটু ঝড় বৃষ্টি হোক তো কিছু পাহাড়প্রেমীর মনে হচ্ছে একটু পাহাড়ে কয়েকদিনের জন্য ঘুরে এলে কতই না ভালো হত। কিন্তু এখন দার্জিলিং, কালিম্পং কিংবা সিকিমেও (Sikkim) পা ফেলার জো নেই। মানুষের ভিড়ে থিকথিক করছে সর্বত্র। কী করা যায়? চিন্তা নেই, আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক অফবিট জায়গার সন্ধান দেব যেখানে গেলে ভাববেন এটা ভারত নাকি বিদেশ। সিকিমে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আজ আপনাদের জানাব ‘তারেভির’ (Tarey Bhir Sikkim) নামের এক জায়গা সম্পর্কে যেখানে গেলে আপনি সেখানকার প্রেমে পড়ে যেতে বাধ্য।

ঘুরে আসুন সিকিমের এই অফবিট ডেস্টিনেশন থেকে

অনেকেরই ঘুরে বেরানো নেশা। আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো কথাই নেই। পাহাড় মানেই একটা আলাদা ইমোশন। কিন্তু অনেকেই এখন আছেন যারা চেনা সিকিমের বাইরে একটু অফবিট জায়গার খোঁজ করছেন। তেমনই একটি জায়গা হল তারেভির। উত্তর ও পূর্ব সিকিম যেমন ভয়ঙ্কর সুন্দর, তেমনই রূপ-সৌন্দর্যে টেক্কা দিতে পারে দক্ষিণ সিকিমও। এখানকারই একটি ছোট্ট পাহাড়ি জনপদ তারেভির। এ রাজ্যের অন্যান্য স্থানের চেয়ে তারেভির আলাদা তার রূপের জন্য।

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১০ হাজার ফুট উঁচু পাহাড়ের প্রায় মাথা দিয়ে একদম শেষ পর্যন্ত চলে গিয়েছে লম্বা পথ। অন্তত ২-৩ কিলোমিটার তো হবেই। ঢেউ খেলানো ল্যান্ডস্কেপ দেখতে পাবেন এখানে, সেইসঙ্গে পথের একপাশে পাইনের বন। অন্য পাশে ঘন সবুজ ঘাসের চাদর। এখানের বাঁধানো সিঁড়ির মতো পথ দিয়ে একবারে পাহাড়ের প্রান্তে পৌঁছোতে গেলে প্রথমে আসে নামার পালা। তবে সিঁড়ি পথে ওটা বেশ কষ্টকর। অনেকটা মনে হবে চিনের প্রাচীরের মতো। তবে একটু মনে বল নিয়ে ট্রেকটা করেন তাহলে শান্তির শেষ থাকবে না। এখানে থাকার জন্য আপনি বেশকিছু হোমস্টে পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ তৈরি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহ কাটিয়ে দক্ষিণবঙ্গে এবার ঝমঝমিয়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

নামচি থেকে তারেভির যাওয়ার যাত্রাটিও কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর। সেখানে যাওয়ার জন্য, নামচি থেকে সাদামের দিকে যায় এমন একটি গাড়ি ভাড়া করুন। পথে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে এবং আপনার চালককে ডানদিকের রাস্তাটি নিতে হবে। নামচি থেকে তারে ভিরের আনুমানিক দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার।

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক তারেভিরে আপনি কীভাবে পৌঁছাবেন। দক্ষিণ সিকিমের শহর নামচি। নিউ জলপাইগুড়ি থেকে নামচির দূরত্ব মোটামুটি ৯৬ কিলোমিটার। নামচি থেকে তারেভিরের দূরত্ব ১৬ কিলোমিটার। নামচিতে রাত কাটিয়ে পরের দিন সকালে তারেভির যেতে পারেন। আপনি মার্চ থেকে মে এবং তারপর আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে যেকোনো সময় সিকিম এবং তারে ভির ভ্রমণ করতে পারেন। এই মাসগুলিতে আবহাওয়া বেশ মনোরম থাকে তারেভিরের।