সৌভিক মুখার্জী, কলকাতা: মুম্বাইয়ের আল্টামাউন্ট রোডে অবস্থিত ২৭ তলার বিলাসবহুল অট্টালিকা অ্যান্টিলিয়া (Antilia) বর্তমানে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ঠিকানা এ কথা গোটা বিশ্ব জানে। বিশ্বের অন্যতম দামি এই বাড়ির বৈভব দেখে চোখ ধাধিয়ে যায় সাধারণ মানুষেরও। তবে হ্যাঁ, এই প্রাসাদে আসার আগে মুকেশ এবং নীতা আম্বানি কোথায় থাকতেন জানেন? সেই সন্ধানই দেবো এই প্রতিবেদনে।
আগে কোথায় থাকতেন দম্পতি?
আসলে অ্যান্টিলিয়াতে স্থানান্তরিত হওয়ার আগে আম্বানি পরিবার দক্ষিণ মুম্বাইয়ের এক অভিজাত বাসভবনে থাকতেন বলে খবর। কোলাবার কাফে প্যারেড এলাকার ‘সি উইন্ড’ (Sea Wind) নামক এক ১৪ তলা আবাসন ছিল তাঁদের বাসভবন। আর এই ভবনটি মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি কিনেছিলেন। একটা সময় পর্যন্ত তিনি, তাঁর স্ত্রী কোকিলাবেন আম্বানি, দুই ছেলে মুকেশ ও অনিল এবং তাঁদের পুরো পরিবার একই বাড়িতে থাকতেন।
মুম্বাইয়ের দক্ষিণ প্রান্তের এই ১৪ তলা ভবনে পরিবারের প্রতিটি সদস্যের জন্যই আলাদা আলাদা ফ্লোর ছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভিত গড়ার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বাসভবন থেকেই নেওয়া হয়েছিল বলে খবর। তাও ৮০ ও ৯০ এর দশকে। এরপর ২০১১ সালে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মিত অ্যান্টিলিয়াতে মুকেশ আম্বানি সপরিবারে চলে যান। তবে কোকিলাবেন আম্বানি এবং অনিল আম্বানি তাঁর পরিবারসহ এখনও পর্যন্ত সেই সি উইন্ডেই বসবাস করছেন।
আরও পড়ুন: ট্রেনের ভরসা আর নয়, শুরু হল কলকাতা চেন্নাই বাস পরিষেবা, জানুন ভাড়া ও সময়সূচি
মুকেশ আম্বানির বর্তমান সম্পদ
জানিয়ে রাখি, ২০২৬ সালের এপ্রিল মাসে দেওয়া তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ প্রায় ৯.৮ লক্ষ কোটি টাকা। দীর্ঘ সময় ধরেই ভারত ও এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবেরের আসন দখল করে রেখেছেন তিনি। তবে ব্লুমবার্গের বিলিয়নার ইন্ডেক্সের সর্বশেষ তালিকায় তিনি সামান্য পিছিয়ে পড়েছেন। বর্তমানে গৌতম আদানি ৯২.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন এবং বিশ্বের ধনীদের তালিকায় ১৯ তম স্থানে রয়েছেন তিনি। অন্যদিকে মুকেশ আম্বানির মোট সম্পদ ৯০.৮ মিলিয়ন ডলার, যা তাঁকে বিশ্বের ২০ তম ধনী ব্যক্তি হিসেবে পরিণত করিয়েছে।










